এবার রাশিয়ায় ব্যবসা স্থগিত করেছে জারা ও স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার বিরুদ্ধে চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড জারা ও ইলেকট্রনিকসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর কারণে আর্থিক ক্ষতি এড়াতে দেশটিতে কার্যক্রম স্থগিত করেছে এই দুই বৃহৎ কোম্পানি। খবর বিবিসির।

জারার মূল কোম্পানি হলো স্পেনভিত্তিক পোশাকের খুচরা বিক্রয় কোম্পানি ইন্ডিটেক্স। এক বিবৃতিতে ইন্ডিটেক্স জানিয়েছে, আজ রোববার রাশিয়ায় জারা, ওয়শো, বেরশকা, স্ট্রাডিভারিয়াসসহ তাদের ৮টি ব্র্যান্ডের ৫০২টি দোকান বন্ধ করে দেবে তারা।

এক বিবৃতিতে ইন্ডিটেক্স জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ায় ব্যবসা চালানো ও ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব নয়। তবে ব্যবসা বন্ধ করায় রাশিয়ায় কাজ করা ইন্ডিটেক্সের ৯ হাজারের বেশি কর্মী ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি স্যামসাং রাশিয়ায় সরবরাহ স্থগিত করেছে। রাশিয়ায় সবচেয়ে বেশি স্মার্টফোন যায় স্যামসাং থেকে। এ ছাড়া অনলাইনভিত্তিক অর্থ লেনদেন কোম্পানি পেপ্যালও রাশিয়ায় সাময়িকভাবে পরিষেবা বন্ধ করে দিয়েছে।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন প্রথমে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় রাশিয়ার বিরুদ্ধে। এরপর বিশ্বের বড় বড় বিভিন্ন কোম্পানিও একে একে নিষেধাজ্ঞা দিতে থাকে রাশিয়ার বিরুদ্ধে। গত এক সপ্তাহে অ্যাপল, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি বৈশ্বিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে আছে সুইডেনভিত্তিক আসবাব নকশা ও গৃহসজ্জা পরিষেবা প্রতিষ্ঠান আইকিয়া, যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস বারবেরি ও অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা বুহু, ব্রিটিশ বহুজাতিক গাড়ি কোম্পানি রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা ও জাগুয়ার ল্যান্ড রোভার, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস ও অনলাইন স্ট্রিমিং পরিষেবা কোম্পানি নেটফ্লিক্স।

ডয়চে ব্যাংক রিসার্চের বিশ্লেষক অ্যাডাম কোচরান রয়টার্সকে বলেন, পণ্য সরবরাহে অসুবিধা আর রাশিয়ার মুদ্রা রুবলের মান কমে যাওয়ায় রাশিয়ায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ফলে বেশি দামে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি কঠিন হয়ে যাচ্ছে রাশিয়ার খুচরা বিক্রেতাদের জন্য। বিশ্বের বড় বড় ব্র্যান্ডের কার্যক্রম স্থগিতের পেছনে এটাও একটা কারণ।