এবার রাশিয়া ছাড়ছে ডেনিশ খেলনা কোম্পানি লেগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ
ফাইল ছবি: এএফপি

রাশিয়ায় অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ডেনমার্কের বিখ্যাত খেলনা কোম্পানি লেগো। ইউক্রেনে যুদ্ধ শুরুর পরে গত মার্চ মাস থেকে রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধ করে দেয় কোম্পানিটি। তবে রাশিয়ায় কোম্পানিটির বিক্রয়কেন্দ্রগুলো খোলা ছিল। এখন সেগুলোও বন্ধ করার ঘোষণা দিয়েছে লেগো। খবর বিবিসির।

রাশিয়ায় লেগোর হয়ে কার্যক্রম পরিচালনা করে ইনভেনটিভ রিটেইল গ্রুপ নামে একটি কোম্পানি। তারা দেশটিতে প্রায় ৮১টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে লেগোর খেলনা বিক্রি করে।

সম্প্রতি লেগোর একজন মুখপাত্র জানান, তাঁরা ইনভেনটিভ রিটেইল গ্রুপের সঙ্গে তাদের অংশীদারত্ব শেষ করবে। তবে তিনি এই সিদ্ধান্তের পেছনে ইউক্রেনে রাশিয়ার হামলার কথা উল্লেখ না করে বলেন, সরবরাহ ব্যবস্থায় বিপর্যয়ের কারণে তারা রাশিয়ায় কার্যক্রম বন্ধ করছেন।

লেগোর ওই মুখপাত্র বলেন, ‘মার্চের শুরুতে রাশিয়ায় তাঁদের চালান বন্ধের পাশাপাশি সব বাণিজ্যিক কার্যক্রমও সাময়িক বন্ধ করে দিয়েছিল লেগো গ্রুপ। সে সময় থেকে আমাদের প্রায় সব কর্মীকেও বর্ধিত ছুটিতে রেখেছিলাম। এখন রাশিয়ায় সব ধরনের কার্যক্রম অনির্দষ্টকালের জন্য বন্ধ করতে যাচ্ছে লেগো। তবে রাশিয়ার থাকা প্রতিষ্ঠানটির ৭০ কর্মীকে আর্থিক সহায়তা দিয়েছে তারা।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পরে ইউরোপের বড় বড় ব্র্যান্ড রাতারাতি রাশিয়া ছাড়ার ঘোষণা দিতে থাকে। তবে মুষ্টিমেয় কিছু পশ্চিমা ব্র্যান্ড রাশিয়ায় কার্যক্রম পরিচালনা করতে থাকে। ডেনিশ খেলনা কোম্পানি লেগো তাদের মধ্যে একটি। তবে যুদ্ধ শুরুর প্রায় সাড়ে চার মাস পরে এবার তারাও রাশিয়া ছাড়ার ঘোষণা দিল।

ইউক্রেনে হামলার পর থেকে একে একে রাশিয়া ছাড়ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো। এরই মধ্যে বিশ্বখ্যাত খাবারের ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস, স্টারবাকস ও কোকাকোলা, পোশাকের ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসার, জারা, এইচঅ্যান্ডএম, নাইকি, প্রযুক্তি খাতের কোম্পানি অ্যাপল, স্যামসাংসহ শতাধিক বৈশ্বিক ব্র্যান্ড রাশিয়া ছেড়েছে।