এবার লাইসেন্স চায় ডেসটিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

বিতর্কিত বহুস্তর বিপণন পদ্ধতির (এমএলএম) কোম্পানি ডেসটিনি আবারও এমএলএম পদ্ধতিতেই ব্যবসায় নামতে চাইছে। এ জন্য ডেসটিনি ২০০০ লিমিটেডের নামে কোম্পানি গঠনের জন্য আবেদন জমা হয়েছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ে (রেজসকো)। রেজসকো গতকাল রোববার পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
আগে রেজসকো থেকে পাওয়া কোম্পানি গঠনের নিবন্ধনের সনদ দেখিয়েই ‘সরকারের অনুমতি’ রয়েছে বলে চালিয়ে আসছিল ডেসটিনির মতো এমএলএম কোম্পানিগুলো। এ জন্য আলাদা কোনো লাইসেন্স নিতে হতো না। কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী এখন কোম্পানি গঠনের পরও আলাদা করে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। ডেসটিনি সেই লাইসেন্সের জন্যই আবেদন করেছে। আবেদনকারী হিসেবে ডেসটিনি গ্রুপের কোম্পানি সচিব মিজানুর রহমানের নাম রয়েছে।
যোগাযোগ করলে রেজসকো নিবন্ধক বিজনকুমার বৈশ্য প্রথম আলোকে বলেন, ‘ডেসটিনির মতো অনেক আবেদনই আসছে। তবে আমরা সরেজমিনে গিয়ে যাচাই-বাছাই না করে কাউকে লাইসেন্স দেব না।’ এর বাইরে কোনো কথা বলতে রাজি হননি রেজসকো নিবন্ধক।
কিন্তু, এমএলএম কোম্পানির লাইসেন্স দেওয়ার এখতিয়ার রেজসকোকে দেওয়ায় এরই মধ্যে প্রশ্ন তুলেছেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের যে সংস্থাটি কোম্পানি গঠনের শুধু নিবন্ধন দিতে পারে, কিন্তু জনগণের সঙ্গে প্রতারণা বা আরও জঘন্য কাজ করে থাকলেও সংশ্লিষ্ট এমএলএম কোম্পানির বিলুপ্তি ঘোষণা করতে পারে না, সেই সংস্থাকে লাইসেন্স দেওয়ার মতো এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হয়নি।
এ ব্যাপারে মতামত নেওয়ার জন্য যোগাযোগ করলে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ‘যেহেতু ডেসটিনি নিয়ে দেশে এত বড় হুলস্থুল হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগে আসািমরা কারাগারেও রয়েছেন, তাই লাইসেন্স দেওয়ার আগে বারবার ভাবা উচিত।’ তবে তিনি এও বলেন, আদালতের রায় হওয়ার আগে লাইসেন্স পেতে কারোরই কোনো বাধা নেই।
জানা গেছে, রেজসকো শুধু তার নিবন্ধন বই থেকে কোনো কোম্পানির নাম কর্তন করতে পারে, কিন্তু কোনো কোম্পানিকে বিলুপ্ত করতে পারে না। এ জন্য আদালতের আদেশ লাগে। ডেসটিনির মতো কোম্পানির অপরাধ যত বড়ই হোক না কেন, কেউ যদি ওই কোম্পানির বিলুপ্তির আবেদন নিয়ে আদালতে না যায় এবং আদালত থেকে কোনো আদেশ না আসে, তাহলে কখনোই তা বিলুপ্ত হবে না।
মানি লন্ডারিংয়ের দায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীনসহ ২২ জনের নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি ভিন্ন মামলা রয়েছে। এই মামলায় রফিকুল আমীনসহ পাঁচজন বর্তমানে কারাগারে। রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দিবাসহ বাকি আসামিদের খুঁজে পায়নি পুলিশ।
রেজসকো সূত্র জানায়, রেজসকোর একটি তদন্ত দল গতকাল ডেসটিনির কার্যালয় পরিদর্শন করেছে। তার আগে ২৮ জানুয়ারি আরেকবার পরিদর্শন করেছিল। কারণ, লাইসেন্স দেওয়ার আগে বাধ্যতামূলক তদন্ত করার বিধান রয়েছে আইনে। তবে ডেসটিনিকে লাইসেন্স দেওয়া হবে কি না, তা বাণিজ্য মন্ত্রণালয়ের ইঙ্গিতের ওপর নির্ভর করবে বলে জানা গেছে।
লাইসেন্সের জন্য রেজসকোর কাছে করা আবেদনে ডেসটিনি বলেছে, এমএলএম পদ্ধতির ব্যবসার জন্য আগে সুনির্দিষ্ট কোনো আইন ছিল না। গত বছরের ১০ অক্টোবর যে আইন হয়েছে, সে অনুযায়ী ডেসটিনি ২০০০ লিমিটেডের লাইসেন্স দরকার।
আবেদনের সঙ্গে ডেসটিনি ২০০০ লিমিটেডের সংঘবিধি ও সংঘস্মারক, নিরীক্ষিত সর্বশেষ উদ্বৃত্তপত্র ও লাভ-ক্ষতির হিসাব, নিরীক্ষা প্রতিবেদন, পণ্য ও সেবা বিপণনের তালিকা, হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, পরিচালকদের জাতীয় পরিচয়পত্র, ব্যবসা পরিচালনার মতো আর্থিক সংগতিপত্র ইত্যাদি জমা দিয়েছে। এ ছাড়া কী কী করবে আর কী কী করবে না-এ রকম একটি হলফনামাও আবেদনপত্রের সঙ্গে দাখিল করেছে ডেসটিনি।
যোগাযোগ করলে ডেসটিনির কোম্পানি সচিব মিজানুর রহমান বলেন, ‘আগে যা-ই হোক না কেন, নতুন আইনের অধীনে নতুনভাবে আমরা ব্যবসা করতে চাই।’ আইনের সঙ্গে সংগতি রেখে পণ্য তালিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।