এবার শান্তিনগর বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা
রাজধানীর মালিবাগের পর এবার শান্তিনগর বাজারকে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।এর ফলে এখন থেকে মাছ ও অন্যান্য পণ্য পরীক্ষা করার পর শান্তিনগর বাজারে প্রবেশ করানো হবে। এ জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্থায়নে একটি ফরমালিন শনাক্তকরণ যন্ত্র শান্তিনগর আদর্শ বাজার কমিটির কাছে হস্তান্তর করেছে এফবিসিসিআই। শান্তিনগর আদর্শ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মো. হেলাল উদ্দিন, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন।গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘খাদ্যদ্রব্যে ফরমালিনসহ বিষাক্ত দ্রব্য ব্যবহার রোধে প্রয়োজনীয় আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর আমদানিকারক ও ব্যবহারকারীরা যাতে কোনো খাদ্যপণ্যে ব্যবহার করতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘শুধু ঢাকার বাজার নয়, দেশের প্রতিটি বাজারকে ফরমালিনমুক্ত রাখতে হবে। এ ছাড়া ফরমালিনকে ক্ষতিকর কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। এ জন্য ফরমালিন আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। একই সঙ্গে এটি আমদানি ও বিক্রির জন্য রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।’ এ কে আজাদ খাদ্যে ভেজালদানকারীদের দ্রুত বিচার আইনে বিশেষ আদালতের মাধ্যমে বিচার করে শাস্তির দাবি জানান। জানা যায়, এফবিসিসিআইয়ের উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মালিবাগ বাজারকে প্রথম ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এই ধারাবাহিকতায় এবার শান্তিনগর বাজারকে দেওয়া হলো ফরমালিন শনাক্তকরণ যন্ত্র। এই যন্ত্র দিয়ে বাজারের সমিতির তিনজন প্রশিক্ষিত কর্মী নিয়মিত ফরমালিন পরীক্ষা করবেন। আর কোনো পণ্যে ফরমালিন পেলে তা বাজার থেকে বের করে দেবেন।