
করদাতারা মেলায় এসে বার্ষিক আয়কর বিবরণী জমা দেবেন। করের অর্থ পরিশোধ করবেন। এমনকি আয়কর বিবরণী পূরণে সহায়তাও দেওয়া হবে।
এমন ধারণা থেকে প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী করমেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কর অঞ্চলগুলো এ মেলার আয়োজন করছে। এর পাশাপাশি আগামী ১৫ সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ আয়কর দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের বাইরে এবারই প্রথম প্রতিটি জেলায় করমেলার আয়োজন করা হচ্ছে। তবে জেলা পর্যায়ে দুই দিন করমেলা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর অঞ্চল ১৬ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সেই দুই দিন নির্ধারণ করবে।
তবে এবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলার করদাতাদের বঞ্চিত করবে না এনবিআর। এবারই প্রথমবারের মতো পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে করমেলা অনুষ্ঠিত হবে। পার্বত্য জেলার করদাতারা নিজ জেলায় বার্ষিক আয়কর বিবরণীসহ অন্য করসেবা নিতে পারবেন। তবে পার্বত্য জেলায় স্থায়ী মেলা হবে না। কর কর্মকর্তারা ট্রাকে করে ভ্রাম্যমাণ মেলার আয়োজন করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপস্থিত থেকে কর্মকর্তারা করদাতাদের এই সেবা দেবেন।
অন্যবারের মতো এবারও আয়করদাতাদের বিশেষ সম্মাননা দেওয়া হবে। প্রতিটি সিটি করপোরেশন ও জেলার তিনজন সর্বোচ্চ করদাতা এবং দীর্ঘ সময় ধরে কর দেন এমন দুজন করদাতাকে এই সম্মাননা দেওয়া হবে। এবার গাজীপুর বাদে নয়টি সিটি করপোরেশন ও ৬৪ জেলার করদাতারা সম্মাননা পাবেন।
মেলায় করের অর্থ পরিশোধে বিভিন্ন ব্যাংকের বুথ থাকে। আর নতুন কর শনাক্তকরণের সংখ্যা (টিআইএন) দেওয়া হয় মেলায়।
গত বছরের মেলায় সারা দেশে বিভিন্ন স্থানের করমেলা থেকে এক লাখ দুই হাজার ১৯৮ জন করদাতা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। এতে আয়কর পাওয়া গেছে ৮৩৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫৮১ টাকা। আর নতুন টিআইএন নিয়েছেন ১৬ হাজার ৪০২ জন। মেলায় বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন তিন লাখ ৪৬ হাজার ৮৬৭ জন দর্শনার্থী।