সামাজিক ব্যবসার অংশ হিসেবে বাংলাদেশের ইউনূস সেন্টারের সঙ্গে যৌথভাবে এ দেশে রেস্তোরাঁ করবে খাদ্য ও পানীয় ব্যবসায়ের জন্য জাপানের খ্যাতনামা ওয়াতামি গ্রুপ।এ উদ্যোগের আওতায় দেশের বিভিন্ন শহরে ছোট ছোট অনেক রেস্তোরাঁ গড়ে তোলা হবে। সাধারণ মানুষের কাছে কম দামে খাবার সরবরাহ এবং এ দেশের কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের উদ্দেশ্যেই সামাজিক এই ব্যবসা পরিচালনা করা হবে।এ লক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর ইউনূস সেন্টারে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ইউনূস সেন্টারের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ওয়াতামি গ্রুপের প্রধান নির্বাহী মিকি ওয়াতানাবে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস বলেন, ‘সাধারণ মানুষের কাছে কম দামে খাবার সরবরাহ করলে সেটাও সামাজিক ব্যবসা হতে পারে। আমাদের পক্ষ থেকে তেমন একটি প্রস্তাবে ওয়াতামি গ্রুপ রাজি হওয়ায় আজ এই চুক্তি সই হলো। স্বাস্থ্যকর খাবার এবং তা কম দামে সবরাহ করাই হবে এ উদ্যোগের প্রধান লক্ষ্য।’ইউনূস আরও বলেন, বড় বিষয় হলো, একটি বড় বিদেশি বিনিয়োগ দেশে আসছে। সেই সঙ্গে আসছে সে দেশের প্রযুক্তিও। তা ছাড়া মুনাফা তাদের নিজের দেশে নিয়ে যাবে না—এমন শর্তে প্রতিষ্ঠানটি এ দেশে আসছে।অনুষ্ঠানে মিকি ওয়াতানাবে বলেন, ‘সামাজিক ব্যবসার ধারণা থেকেই আমরা বাংলাদেশে এই রেস্তোরাঁগুলো তৈরি করতে চাই। বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরাও চাই বাংলাদেশ দারিদ্র্যকে অতিক্রম করে এগিয়ে যাক। আর তাই এসব রেস্তোরাঁ থেকে যা আয় হবে, তা এ দেশের মানুষের জন্য কীভাবে ব্যয় করা যায়, সে বিষয়ে আমরা চিন্তা করছি।’মিকি ওয়াতানাবে জানান, তাইওয়ান, হংকং, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে তাঁদের রেস্তোরাঁ রয়েছে। কিন্তু বাংলাদেশেই প্রথম সামাজিক ব্যবসার আদলে এ ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এতে সাফল্য পেলে অন্যান্য দেশেও এমন উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানে জানানো হয়, এই যৌথ উদ্যোগের আওতায় শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট রেস্তোরাঁ করা হবে। প্রতিটিতে ৪০ থেকে ৫০ জন একসঙ্গে বসে খেতে পারবেন। এগুলো তৈরির কাজ ২০১৪ সালে শুরু হবে। রেস্তোরাঁর স্থান নির্ধারণে আগামী বছর একটি জরিপ হবে। প্রতিটি রেস্তোরাঁয় ১০ থেকে ১৫ জনের কর্মসংস্থান হবে। প্রাথমিকভাবে প্রতিটি প্রকল্পের জন্য তিন লাখ জাপানি ইয়েন (প্রায় তিন লাখ টাকা) বাজেট ধরা হয়েছে। এসব রেস্তোরাঁয় জাপানি খাবারের পাশাপাশি বাংলাদেশের স্থানীয় খাবারও পাওয়া যাবে।চুক্তি সই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপানের কিউশো ইউনিভার্সিটির অধ্যাপক মাশাহারু ওকাদা।