এবার হরতালে প্রভাব পড়েনি চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনটেইনার থেকে পণ্য খালাস করে ট্রাক বা কাভার্ড ভ্যানে তুলছেন শ্রমিকেরা।
কনটেইনার থেকে পণ্য খালাস করে ট্রাক বা কাভার্ড ভ্যানে তুলছেন শ্রমিকেরা।

কনটেইনার থেকে পণ্য খালাস করে ট্রাক বা কাভার্ড ভ্যানে তুলছেন শ্রমিকেরা। আবার সরাসরি আমদানি পণ্যবাহী কনটেইনার তুলে দেওয়া হচ্ছে কনটেইনারবাহী গাড়িতে। কনটেইনারবাহী গাড়ি, ট্রাক বা কাভার্ড ভ্যান বন্দর থেকে পণ্য নিয়ে গন্তব্যস্থলে রওনা হচ্ছে। টানা দুই দিনের হরতালের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার এমন চিত্র দেখা গেছে।
শুধু গতকালই নয়, সাম্প্রতিক সময়ে জামায়াতের ডাকা টানা হরতালে এমন চিত্র ছিল স্বাভাবিক। গত বছরের শেষ সময়ে হরতালগুলোতে বন্দর থেকে পণ্য খালাসের চিত্র ছিল ঠিক বিপরীত। বন্দরের জেটি ও চত্বরে কনটেইনার ওঠানো-নামানো হলেও খালাসের হার ছিল কম। সীতাকুণ্ডসহ সড়ক-মহাসড়কে সহিংসতার কারণে সে সময় পণ্যবাহী গাড়ি ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল।
বন্দর ব্যবহারকারীদের মতে, গত বছরের হরতালে ঝুঁকি ছিল বেশি। সহিংসতার কারণে আমদানি-রপ্তানি পণ্যবাহী গাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। তবে এবার এ ধরনের প্রবণতা না থাকায় পণ্য পরিবহনের হার বেড়েছে। আমদানি-রপ্তানিকারকেরা উদ্যোগী হয়ে হরতালে নিজেদের পণ্য পরিবহন শুরু করায় এখন পণ্য খালাসেও নতুন নতুন রেকর্ড হচ্ছে।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী মনে করেন, বারবার হরতাল ডাকায় সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছে। ফলে হরতালও এখন অকার্যকর হয়ে গেছে। এটি ব্যবসা-বাণিজ্যের জন্য ইতিবাচক দিক। হরতালে বন্দর থেকে পণ্য পরিবহন সচল থাকায় কারখানাগুলোও সচল থাকছে। উল্লেখ্য, বন্দরে আমদানি পণ্যের বড় অংশই পোশাকশিল্প খাতের কাঁচামাল ও যন্ত্রপাতি।
বন্দর সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে জামায়াত ও বিএনপির ডাকা হরতালে গড়ে বন্দর থেকে আমদানিকারকদের পণ্য খালাসের হার ছিল খুবই কম। এক দিন বা ২৪ ঘণ্টার হরতালে বন্দর থেকে গড়ে পণ্য খালাস হয় ৪০০ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। এবার অক্টোবর ও নভেম্বরে পাঁচ দিন হরতালে গড়ে পণ্য খালাস হয় এক হাজার ৮৮৭টি কনটেইনার। গতকাল বৃহস্পতিবার হরতালে প্রায় দুই হাজার ২০০ কনটেইনার খালাসের প্রক্রিয়া চলছিল। এ ছাড়া বেসরকারি ডিপোগামী অন্তত ৫০০ কনটেইনার খালাসের প্রক্রিয়া চলছে। স্বাভাবিক সময়ে গড়ে দুই হাজার কনটেইনার পণ্য খালাস হয় বন্দর চত্বর থেকে।
বন্দর চত্বর থেকে পণ্য খালাসের হার বাড়ার জন্য তিনটি কারণ চিহ্নিত করে বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম প্রথম আলোকে বলেন, গত বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অব্যাহত বাধার কারণেই পণ্য খালাসের হার ছিল কম। তবে এবার হরতালে সীতাকুণ্ডে এই সমস্যা নেই। আবার আমদানিকারকেরা এখন পণ্য বন্দরে ফেলে না রেখে দ্রুত খালাস করার জন্য উদগ্রীব। কারণ পণ্য ফেলে রাখলে বন্দরের ভাড়া পরিশোধ করতে হয়। তৃতীয়ত, আগের মতো হরতালের আবেদন এখন নেই।
পণ্য পরিবহন সচল থাকায় চট্টগ্রামের কদমতলীতে ট্রাক মার্কেটেও পণ্য পরিবহন ভাড়ার হার এখন স্বাভাবিক রয়েছে। গত বছর হরতালে পণ্য পরিবহনের ভাড়া তিন থেকে চারগুণ পর্যন্ত বেড়েছিল। এবার স্বাভাবিক সময়ের মত হরতালে ভাড়ার হারও একই রয়েছে।
জানতে চাইলে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক কমিটির আহ্বায়ক শফিউর রহমান প্রথম আলোকে বলেন, মহাসড়কে পুলিশের তদারকি আছে। বন্দর থেকে পণ্য খালাসও হচ্ছে। পণ্যবাহী গাড়ির মালিকেরা এখন হরতালেও গাড়ি সরবরাহ দিতে চায়। ফলে হরতালে গাড়ি যেমন চলছে তেমনি পণ্য পরিবহনের ভাড়াও স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, হরতালে পণ্য খালাসের হার বাড়ার পাশাপাশি চট্টগ্রামের বেসরকারি ডিপোগুলো থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তুলে দেওয়ার কার্যক্রমও সচল রয়েছে। বন্দরের এক থেকে ২৬ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৭টি ডিপোতেও রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করে বন্দরে পাঠানো এবং আমদানি পণ্য খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনারের ৯৭ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে আনা-নেওয়া হয়। বন্দরে কনটেইনার পরিবহনে কোনো ব্যাঘাত হলে এর প্রভাব পড়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে। নির্ধারিত সময়ে বন্দর থেকে কাঁচামাল খালাস করে কারখানায় নেওয়া না গেলে উৎপাদন ব্যাহত হয়। আবার কারখানা থেকে নির্ধারিত সময়ে কনটেইনার ডিপো হয়ে বন্দরে জাহাজীকরণ করতে না পারলে রপ্তানি খাতেও নেতিবাচক প্রভাব পড়ে।