এবার ১৯ লাখ টন পেঁয়াজ উৎপাদনের আশা
চলতি ২০১৪-১৫ রবি মৌসুমে সরকার এক লাখ ৯০ হাজার হেক্টর জমি থেকে ১৯ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উত্তরাঞ্চলের কৃষকেরা ইতিমধ্যে এই ফসলের আবাদ শুরু করেছেন। কোথাও কোথাও অবশ্য আগাম আবাদের ফলন বাজারে উঠেছে এবং ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ উৎপাদন কর্মসূচির আওতায় উত্তরাঞ্চলে ৮৫ হাজার ৫৭৯ হেক্টর জমি থেকে আট লাখ ৫৫ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে; যা জাতীয় উৎপাদনের ৪৫ দশমিক ০৪ শতাংশ। কৃষি সম্প্রসারণ বিভাগের সূত্রমতে, চলতি মৌসুমে প্রতি হেক্টর জমিতে গড়ে ১০ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাণিজ্যিক ব্যাংকগুলো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বিভিন্ন এনজিও পেঁয়াজ আবাদে সহায়তা দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে উন্নতমানের বীজ ও স্বল্প সুদে কৃষিঋণ বিতরণ, প্রশিক্ষণ প্রদান, কারিগরি সহায়তা ইত্যাদি। বাসস।