এবারও ঈদে বেতন-বোনাস বঞ্চিত তোবার শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শূন্য হাতে বাড়ি ফিরতে হলো তোবার শ্রমিকদের। ঈদের আগে আশা ছিল, অন্তত এক মাসের বেতন ও বোনাস পাবেন তাঁরা। অবরোধ, ঘেরাও, বিক্ষোভ, আলটিমেটাম কোনো কিছুতেই কাজ হলো না শেষ পর্যন্ত।

গতকাল শনিবার বেলা দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবন ঘেরাও করে রাখেন তাঁরা। সেখানে বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে বিজিএমইএ ও সরকার প্রমাণ করল শান্তিপূর্ণ আন্দোলনের কোনো দাম নেই। বেতন দেওয়ার নাম করে শ্রমিকদের ডেকে এনে প্রতারণা করা হয়েছে। এর ফলাফল ভালো হবে না।’

ঈদের পর ১৫ অক্টোবর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে মিশু বলেন, ক্ষোভের আগুন নিয়ে শ্রমিকেরা বাড়ি ফিরে যাচ্ছেন। তাঁদের পাওনা পরিশোধ না করলে শ্রমিকদের ক্ষোভের আগুনে সবাইকে পুড়তে হবে।

এর আগে বেলা ১১টার সময় মোশরেফা মিশুর নেতৃত্বে ১৫০ জনের বেশি শ্রমিক বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিমের বনানীর বাসা ঘেরাও করেন। সেখান থেকে শ্রমিকদের বলা হয়, সভাপতি আতিকুল ইসলাম বিজিএমইএ ভবনে অবস্থান করছেন। বেতন-বোনাসের ব্যাপারে শ্রমিকদের বিজিএমইএতে যেতে বলা হয়।

সেখান থেকে বেলা একটার সময় শ্রমিকেরা বিজিএমইএ ভবনের সামনে আসেন। এখানে আসার পর শ্রমিকেরা জানতে পারেন, বিজিএমইএ সভাপতি নেই। তারপর বিকেল পর্যন্ত সেখানেই অবস্থান করেন তাঁরা। তোবা গ্রুপের বুকসান কারখানার শ্রমিক শামীমা আক্তার বলেন, ‘আশা ছিল আজকে টাকা পাব। টাকা না পাওয়ায় ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়া হবে না।’

ঈদ করার চেয়েও শ্রমিকদের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে চাকরির চিন্তা। আন্দোলনরত কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরির জন্য তাঁরা অন্য কারখানায় যোগাযোগ করেছেন। তবে তোবা নাম শুনলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এসব বিষয়ে শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগে শ্রমিকেরা যে বেতন পেলেন না, এ দায় দেলোয়ারকেই নিতে হবে। শ্রমিকদের পাওনা পরিশোধে আমরা তাকে সব সময়ই চাপ দিয়ে এসেছি।। ঈদের পর  সবাইকে নিয়ে বসে কীভাবে এই সমস্যা সমাধান করা যায়, আমরা সেই চেষ্টা করব।’

যোগাযোগ করা হলে তোবার মালিক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখন আমার কাছে কোনো টাকা নেই। চাইলেও টাকা শোধ করার কোনো সুযোগ নেই। ইনস্যুরেন্সের ১৮ কোটি টাকা পেলে আমি পাওনা পরিশোধ করতে পারতাম।’

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট উত্তর বাড্ডার পাঁচ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেন মালিক দেলোয়ার। জুলাই মাসে শ্রমিক, মালিক ও সরকার—ত্রিপক্ষীয় বৈঠকে দেলোয়ারকে শ্রমিকদের পাওনার হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে তিনি দুই কোটি ছয় লাখ ৯৮ হাজার টাকার একটি হিসাব মন্ত্রণালয়ে দেন। তবে শ্রম প্রতিমন্ত্রী এটিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দেলোয়ারকে পূর্ণাঙ্গ হিসাব দিতে নির্দেশ দেন। কারণ তোবার মালিক শ্রমিক ছাঁটাই বেনিফিটের হিসাব দিয়েছেন। প্রকৃতপক্ষে তাঁকে দিতে হবে চাকরি অবসায়নের ক্ষতিপূরণ।