এবারও কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের ১১ মাসে বার্ষিক লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ কৃষিঋণ বিতরণ করা সম্ভব হয়েছে। এর ফলে এটা এখন নিশ্চিত যে চলতি অর্থবছরের মোট বিতরণ করা কৃষিঋণ বার্ষিক লক্ষ্যমাত্রা থেকে দূরেই থাকবে।চলতি অর্থবছরে ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।এতে আরও দেখা যায়, অর্থবছরের শেষ দিকে এসে কৃষিঋণ বিতরণের গতি কিছুটা বেড়েছে। যদিও মার্চ মাসে দেড় হাজার কোটি টাকা বিতরণের পর এপ্রিল মাসে তা এক হাজার ১০ কোটি ৭৮ লাখ টাকায় নেমে আসে। তবে মে মাসে তা আবার বেড়ে হয়েছে এক হাজার ২৫২ কোটি ৭৪ লাখ টাকা।এর ফলে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম ১১ মাসে ব্যাংকগুলো থেকে মোট বিতরণ করা কৃষিঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫৩ কোটি টাকা। আর গত অর্থবছরের একই সময়ে বিতরণ করা কৃষিঋণের পরিমাণ ছিল ১০ হাজার ৫৩৩ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ, আলোচ্য সময়কালে কৃষিঋণের বিতরণ বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।অন্যদিকে গত ২০১০-১১ অর্থবছরে ১২ হাজার ১৮৪ কোটি ৩২ লাখ টাকার সমপরিমাণ কৃষিঋণ বিতরণ করা হয়েছিল। আর লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৬১৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ কৃষিঋণ বিতরণ করা সম্ভব হয়েছিল।আবার ২০০৯-১০ অর্থবছরে ১১ হাজার ৫১২ কোটি টাকার বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে শেষ পর্যন্ত বিতরণ হয়েছিল ১১ হাজার ১১৭ কোটি টাকা। সেবারও লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ ঋণ বিতরণ সম্ভব হয়।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের ১১ মাসে ১১ হাজার ২৩ কোটি ১৭ লাখ টাকা বকেয়া কৃষিঋণ আদায় করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আদায় করা বকেয়া কৃষিঋণের পরিমাণ ছিল ১০ হাজার ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ বকেয়া ঋণ আদায় বেড়েছে ৭ শতাংশ।গত ২০১১-১২ অর্থবছরে আদায়কৃত বকেয়া কৃষিঋণের পরিমাণ ছিল ১২ হাজার ১৪৮ কোটি ৬১ লাখ টাকা।