এবারও চামড়ার দর নির্ধারণ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য সাধারণত দামদর নির্ধারণ করে চামড়া খাতের তিনটি বাণিজ্য সংগঠন। কিন্তু বিশ্বমন্দার দোহাই দিয়ে গত বছর আর দাম নির্ধারণ করেনি ব্যবসায়ীরা। এবারও একই পথে হাঁটছেন তাঁরা।চামড়া খাতের তিনটি ব্যবসায়ী সংগঠন—ট্যানারি মালিকদের সমিতি (বিটিএ), বাংলাদেশ প্রস্তুত চামড়া, চামড়াপণ্য ও জুতা রপ্তানিকারক সমিতি (বিএফএলএলএফইএ) এবং আড়তদারদের সমিতি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা সোমবার ধানমন্ডিতে একটি সমিতির কার্যালয়ে সভা করে চামড়া সংগ্রহের দর নির্ধারণ না করার সিদ্ধান্ত নেন।প্রসঙ্গত, দেশের অন্যতম বড় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যের কাঁচামালের প্রায় ৬০ শতাংশই সংগ্রহ করা হয় কোরবানিতে জবাই হওয়া পশু থেকে।কেন দর নয়: সংগঠনগুলো বলছে, এ দেশের চামড়ার বড় বাজার ইউরোপের দেশগুলো। সেসব দেশে ঋণসংকট এবং বিশ্বমন্দার কারণে বিশ্ববাজারে চামড়ার দাম পড়ে গেছে। দুই মাসে দাম কমেছে ৩০ শতাংশ। দুই মাস আগে এক বর্গফুট প্রস্তুত চামড়া মানভেদে ২ দশমিক ৩০ ডলার থেকে ২ দশমিক ৫০ ডলারে বিক্রি হলেও এখন তার দাম এক দশমিক ৭০ ডলার থেকে এক দশমিক ৯০ ডলার। বিশ্ববাজারে চামড়ার দর আরও কমার আশঙ্কা থেকেই এবার চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করা হয়নি।বিএফএলএলএফইএর সভাপতি বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কোরবানির চামড়া সংগ্রহের দাম নির্ধারণ না করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্বমন্দার কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চামড়া কিনব।’চামড়ার দাম কমার পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছ থেকে কার্যাদেশও (অর্ডার) কমেছে। অনেক ক্রেতাই কার্যাদেশ বাতিল করেছে। বিএফএলএলএফইএ বলছে, দুই মাসে ১৫ থেকে ২০ লাখ বর্গফুট চামড়ার কার্যাদেশ বাতিল হয়েছে।ট্যানারি মালিকদের সমিতির সাবেক সভাপতি শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কোরবানিতে প্রতিবছর আমার প্রতিষ্ঠানেরই ১০ লাখ বর্গফুট চামড়ার অর্ডার থাকে। এবার অর্ডার এসেছে পাঁচ লাখ বর্গফুটের। অর্ধেকই কমে গেছে।’বেলাল হোসেন আরও বলেন, ‘বিক্রি করতে না পারায় বর্তমানে ট্যানারিগুলোতে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার চামড়া পড়ে আছে। এর মধ্যে গত বছরের কোরবানিতে কেনা চামড়াও রয়েছে।’রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে সাত কোটি ৫৭ লাখ ডলারের, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ কম।চামড়া আড়তদারদের সমিতির তথ্য অনুযায়ী, পাইকারি বাজারে এখন গরুর প্রতি বর্গফুট ভালো মানের চামড়া ৪৫ থেকে ৬০ ও কিছুটা নিম্নমানের চামড়া ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি বর্গফুট খাসির চামড়া ৫০ ও বকরির চামড়া ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।দর নির্ধারণ না হওয়ায় গত বছর কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে মৌসুমি ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের মধ্যে জটিলতা দেখা দেয়। ঈদের দিন বিকেল পর্যন্ত বেশি দামে চামড়া কেনা হলেও সন্ধ্যায় দাম কমতে থাকে। যেসব ব্যবসায়ী বেশি দামে চামড়া কিনেছিলেন তাঁরা সন্ধ্যায় চামড়া বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েন।ট্যানারি মালিকদের ভাষ্য ছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আড়তদারদের চামড়া কেনা উচিত ছিল প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকায়। কিন্তু কেনা হয় ৭০ থেতে ৭৫ টাকায়। আর তাই শেষ পর্যন্ত বেশি দামেই চামড়া কিনতে হয়েছিল ট্যানারি মালিকদের। এবারও চামড়া নিয়ে এমন জটিলতা হতে পারে বলে মনে করছেন কয়েকজন ব্যবসায়ী ও ট্যানারি মালিক।দুশ্চিন্তার নাম লবণ: চামড়ার আড়তদাররা বলছেন, গত বছর কোরবানির আগে প্রতি বস্তা (৭৫ কেজি) লবণের দাম ছিল ৪৩০ থেকে ৪৫০ টাকা। এখন সমপরিমাণ এক বস্তা লবণের দাম ৮২০ থেকে ৮৪০ টাকা।চামড়ার আড়তদারদের সমিতির সভাপতি মোহাম্মদ আফতাব প্রথম আলোকে বলেন, এক বছরে লবণের দাম দ্বিগুণ হয়েছে। দাম বেড়ে যাওয়ায় গ্রামাঞ্চলে যাঁরা চামড়া কিনবেন তাঁরা চামড়া সংরক্ষণে কম লবণ ব্যবহার করতে পারেন। এতে চামড়া ভালোভাবে সংরক্ষণ না-ও হতে পারে। ফলে গুণগতমান নষ্ট হবে। আবার বেশি দামের লবণ ব্যবহারের কারণে চামড়া সংরক্ষণের ব্যয়ও বেড়ে যাবে।ঈদুল আজহার আগে বিএফএলএলএফই ৪০ হাজার টন আর ট্যানার্স অ্যাসোসিয়েশন ৩০ হাজার টন শুল্কমুক্ত লবণ আমদানির অনুমতি চেয়ে এ মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। জবাবে মন্ত্রণালয় জানিয়েছে যে নভেম্বর পর্যন্ত তারা লবণ আমদানি করতে পারবে। তবে শুল্কমুক্ত আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।বাড়ছে না ঋণ: রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকই চামড়া কিনতে ট্যানারি মালিকদের ঋণ দেয়। গত বছর এসব ব্যাংক ৩৬৫ কোটি টাকা দিয়েছিল। এবার আরও বেশি ঋণ দেওয়ার অনুরোধ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফএলএলএফইএ ও ট্যানার্স অ্যাসোসিয়েশন।শাহীন আহমেদ বলেন, ‘২০১০ সালে ব্যাংকগুলো ২৮০ কেটি টাকা দিয়েছিল। গত বছর বাড়িয়ে ৩৬৫ কোটি টাকা দিয়েছে। এবার বলে দিয়েছে, এর বেশি ঋণ দেওয়া হবে না। ঋণের পরিমাণ না বাড়লে আমরাও বেশি চামড়া কিনতে পারব না। ফলে অনেক চামড়া পাচার হয়ে যাবে।’