এবারও ট্যানারি সরানো গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানান্তরের সময়সীমা এক দিন পরই শেষ। ট্যানারিগুলোতে এখন সাভারের চামড়া শিল্পনগরে যাওয়ার জন্য ব্যস্ততা থাকার কথা। তার বদলে কাঁচা চামড়া এনে রাখা হচ্ছে একটি ট্যানারিতে। এ চিত্রই বলে দেয় হাজারীবাগ ছাড়ার তাড়া নেই ট্যানারি-মালিকদের বড় অংশের। ছবিটি গতকাল বিকেলে তোলা l হাসান রাজা
স্থানান্তরের সময়সীমা এক দিন পরই শেষ। ট্যানারিগুলোতে এখন সাভারের চামড়া শিল্পনগরে যাওয়ার জন্য ব্যস্ততা থাকার কথা। তার বদলে কাঁচা চামড়া এনে রাখা হচ্ছে একটি ট্যানারিতে। এ চিত্রই বলে দেয় হাজারীবাগ ছাড়ার তাড়া নেই ট্যানারি-মালিকদের বড় অংশের। ছবিটি গতকাল বিকেলে তোলা l হাসান রাজা

আরেকটি সময়সীমা ঘনিয়ে এলেও হাজারীবাগ ছাড়ার তাড়া নেই বেশির ভাগ ট্যানারিতে। পরিবেশদূষণ রোধে সরকার সাভারের হেমায়েতপুরে যে চামড়া শিল্পনগর প্রতিষ্ঠা করেছে, সেখানে মাত্র ৩৪টি ট্যানারি উৎপাদন শুরু করতে পেরেছে। বাকি ১২০টির মধ্যে কিছু ট্যানারি কারখানার ভবনের কাজ বেশ এগিয়ে নিয়েছে। বাকিদের নির্মাণকাজের অবস্থা দেখলেই বোঝা যায়, সেগুলোর সাভারে যাওয়া অনিশ্চিত।
এদিকে ট্যানারি-মালিকদের দুই সমিতি জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে রাজধানীর হাজারীবাগে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করতে না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে। ট্যানারি-মালিকদের সঙ্গে এক বৈঠকের পর গত ২৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানিয়েছিল, চলতি ডিসেম্বর মাসের মধ্যে ট্যানারিগুলো হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর শেষ হবে। ফলে সময় আছে মাত্র এক দিন।
জানতে চাইলে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ১ জানুয়ারি থেকে হাজারীবাগে চামড়া ঢুকতে না দেওয়ার কথা বলেছিলেন। আমরাও কথা দিয়েছিলাম। আমরা সেই কথায় ঠিক আছি। সরকারের কাছে নতুন করে সময়সীমা বাড়ানোর অনুরোধ করিনি।’
একই ধরনের কথা বলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত উল্লাহও।

কাঁচা চামড়া প্রাথমিক প্রক্রিয়াজাত শেষে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ ওয়েট ব্লুর পরবর্তী দুটি ধাপ কবে হাজারীবাগ ছাড়বে, তা অনিশ্চিত l প্রথম আলো
কাঁচা চামড়া প্রাথমিক প্রক্রিয়াজাত শেষে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ ওয়েট ব্লুর পরবর্তী দুটি ধাপ কবে হাজারীবাগ ছাড়বে, তা অনিশ্চিত l প্রথম আলো

যেসব ট্যানারি এখনো সাভারে যেতে পারেনি, তাদের কী হবে? দুই সমিতির নেতারা বলছেন, চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ ওয়েট ব্লু এখন থেকে শুধু সাভারেই হবে। যাঁরা শিগগিরই সেখানে গিয়ে উৎপাদন শুরু করতে পারবেন, তাঁরা সেটা করবেন। অন্যরা ধীরে ধীরে যাবেন।
সরকার ও সমিতির এ সিদ্ধান্তের ফলে আপাতত হাজারীবাগে শতাধিক ট্যানারি বন্ধ হয়ে যেতে পারে। যদিও ট্যানারিগুলোতে এখন কাজের চাপ খুবই কম। গত ঈদুল আজহায় বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ করে সেগুলো ওয়েট ব্লু করে রেখেছেন ট্যানারি-মালিকেরা। ওয়েট ব্লু চামড়া ছয় মাস সংরক্ষণ করা যায়।
হাজারীবাগে কাঁচা চামড়া না নেওয়া হলে সেখানকার ট্যানারি একেবারে বন্ধ হয়ে যাবে, বিষয়টা সে রকম নয়। চামড়া প্রক্রিয়াজাত করার তিনটি ধাপের মধ্যে দুটি সেখানেই চলছে ও চলবে। মালিকদের দাবি, ওয়েট ব্লু বন্ধ হলেই দূষণ ৭৫ শতাংশ কমে যাবে। বাকি দুই প্রক্রিয়া (ক্রাস্ট ও ফিনিশড) সাভারে নেওয়ার মতো পরিস্থিতিতে আছে গুটিকয়েক কারখানা। তা-ও আংশিকভাবে। ফলে হাজারীবাগ পুরোপুরি ট্যানারিমুক্ত হতে আরও দীর্ঘ সময় লাগবে।
সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ধলেশ্বরী নদীর পাশে প্রায় ১৯৯ একর জমিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চামড়া শিল্পনগর প্রতিষ্ঠা করেছে। এ শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ করে দিয়েছে সরকার। তবে বহু দফায় সময়সীমা বেঁধে দেওয়া হলেও বেশির ভাগ ট্যানারি সেখানে যেতে পারেনি। ফলে সুপ্রিম কোর্ট ব্যর্থ ট্যানারিগুলোতে দিনে ১০ হাজার টাকা করেছে। সর্বশেষ হিসাবে, ট্যানারিগুলো ৮০ লাখ টাকা জরিমানা জমা দিয়েছে।
এদিকে সরকার বলছে, তারা প্রস্তুত। এখন বর্জ্য পেলেই পরিশোধন করা যাবে। চামড়া শিল্পনগর প্রকল্পের পরিচালক আবদুল কাইউম প্রথম আলোকে বলেন, ‘এখন সিইটিপি চালাতে ১০ হাজার ঘনমিটার বর্জ্য দরকার। কিন্তু আমরা পাচ্ছি তিন হাজার ঘনমিটার।’ তিনি বলেন, এখন আর পরীক্ষার কিছু নেই। ট্যানারিগুলো বর্জ্য দিলে তা পুরোদমে পরিশোধন শুরু হবে।
কিন্তু হাজারীবাগ এলাকায় গতকাল গিয়ে দেখা যায়, প্রায় সব ট্যানারিতেই উৎপাদন চলছে। আর মাত্র এক দিন বাকি থাকার কারণে সেখানে তাড়াহুড়া বা প্রস্তুতির কোনো চিহ্ন চোখে পড়েনি। ইস্ট এশিয়া নামের একটি ট্যানারিতে গিয়ে দেখা যায়, বেশ কিছু কাঁচা চামড়া মজুত করা। এক পাশে শ্রমিকেরা চামড়া প্রক্রিয়াজাত করছেন। জানতে চাইলে কারখানার তত্ত্বাবধায়ক হায়দার আলী প্রথম আলোকে বলেন, ‘এখন কাজের চাপ কম। কোরবানির পর বেশি ছিল। আজ নতুন কিছু চামড়া এসেছে। সেগুলো ওয়েট ব্লু করা হবে।’
করিম লেদারস লিমিটেড সাভারে অনেক বড় জমি পেয়েছে। গত বুধবার চামড়া শিল্পনগরে গিয়ে দেখা গেছে, সেই জমিতে সবে পাইলিংয়ের কাজ করছে মালিকপক্ষ। গতকাল হাজারীবাগ গেলে নিরাপত্তাকর্মীরা তাঁদের কারখানায় প্রবেশ করতে দেননি। তবে দুপুরের খাবারের বিরতিতে বের হওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে পুরোদমে ওয়েট ব্লুর কাজ চলছে।

ট্যানারির দূষণ ও ময়লা-আবর্জনা হাজারীবাগের বাসিন্দাদের জীবনকে দুর্বিষহ করে রেখেছে। এ থেকে আশু মুক্তির কোনো সম্ভাবনা নেই l প্রথম আলো
ট্যানারির দূষণ ও ময়লা-আবর্জনা হাজারীবাগের বাসিন্দাদের জীবনকে দুর্বিষহ করে রেখেছে। এ থেকে আশু মুক্তির কোনো সম্ভাবনা নেই l প্রথম আলো


একই অবস্থা লেক্সকো ট্যানারির ক্ষেত্রেও। তারাও সাভারে বিশাল জমি নিয়ে বিশেষ কোনো অবকাঠামো তৈরি করতে পারেনি। কিন্তু হাজারীবাগে তাদের কারখানায় পুরোদমে উৎপাদন চলছে। বড় জমি পাওয়া শাহজালাল ট্যানারিও বিশেষ কোনো অবকাঠামো তৈরি করতে পারেনি।
সাভারে কোহিনূর, আঞ্জুমান ও গুলশান ট্যানারি মিলে কেবল এক পাশে ছাদ নির্মাণের কাজ করছে। ক্যাপিটাল ট্যানারি সবে প্রথম তলার বিম নির্মাণ করছে। ভূঁইয়া ট্যানারি কয়েকটি বিম নির্মাণ করে ফেলে রেখেছে। রুবি লেদার কমপ্লেক্সেরও একই অবস্থা। এস অ্যান্ড এস ট্যানারি সবে ছাদ তৈরির কাজ করছে। ইসমাইল লেদার কমপ্লেক্স বরাদ্দ পাওয়া জমির এক পাশে ফেব্রিকেটেড ভবনের ছাদ তৈরি করেছে, আরেক পাশ খালি। আসিফ লেদার ছাদ নির্মাণ করেছে, তবে ভেতরে কাজ চলতে দেখা যায়নি। ইউসুফ লেদার কমপ্লেক্স ছাদ তৈরির কাজ করছে। মাইজদী ট্যানারির অবস্থা গত এপ্রিলে যেমন দেখেছিলাম, তেমনই আছে, এক পাশে খানিকটা জমিতে ভবনের ছাদ হয়েছে।
চামড়া শিল্পনগর প্রকল্প কার্যালয়ের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী ৭১টি ট্যানারি একতলা থেকে ছয়তলা পর্যন্ত ছাদ নির্মাণ করতে পেরেছে। এর মধ্যে ৪৭টিরই অগ্রগতি একতলার ছাদ পর্যন্ত। অবশ্য একতলার ছাদ হলেই ওয়েট ব্লু অংশ চালু করতে ড্রাম বসানো যায়। মোট ৫২টি ট্যানারি ড্রাম বসিয়েছে বলে উল্লেখ করা হয়েছে অগ্রগতি প্রতিবেদনে। এতে আরও জানানো হয়, মাত্র ৩৬টি ট্যানারি স্থায়ী বিদ্যুৎ-সংযোগ নিয়েছে।
এপেক্স, রিলায়েন্স, বে, ঢাকা হাইডের মতো বড় কিছু ট্যানারি অবকাঠামো নির্মাণকাজ অনেক দূর এগিয়েছে। রিলায়েন্স ট্যানারি গত ঈদুল ফিতর থেকে চামড়া ওয়েট ব্লু করছে। কোরবানির পর তাঁরা প্রায় ৮০ হাজার চামড়া সাভারে প্রক্রিয়াজাত করেছেন বলে জানান কারখানার লেদার টেকনোলজিস্ট সোহেল রানা। তিনি প্রথম আলোকে বলেন, এখন আর বড় কোনো সমস্যায় তাঁদের পড়তে হচ্ছে না।