এবারও পূর্ণাঙ্গ শুল্কমুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ
মার্কিন যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর বাজারে নামমাত্র শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পায় অনেক উন্নত দেশ। অথচ বাংলাদেশি পণ্য সে দেশে প্রবেশের বিপরীতে গড়ে শুল্ক নেওয়া হয় ১৫ শতাংশেরও বেশি। অথচ ২০০৫ সালে অনুষ্ঠিত হংকং সম্মেলনে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) উন্নত দেশগুলোর বাজারে ৯৭ শতাংশ পণ্য রপ্তানির সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্র বাদে সব উন্নত দেশই বাংলাদেশসহ এলডিসিগুলোকে শতভাগ শুল্কমুক্তসুবিধা দিয়েছে। এসব বৈষম্যের প্রতিকার চেয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের অষ্টম শীর্ষ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।১৫-১৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল যোগ দিচ্ছে এ সম্মেলনে। এতে ডব্লিউটিওর ১৫৬টি সদস্য দেশ এবং ৩৩টি পর্যবেক্ষক দেশের তিন হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। সদস্য দেশের বাণিজ্যমন্ত্রীরা নিজ নিজ দেশের স্বার্থ-সম্পর্কিত তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। সম্মেলন বিষয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিতে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনসহ প্রতিনিধি দলের প্রায় সবাই বৈঠকে উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ডব্লিউটিও সম্মেলনে অন্যবারের মতো এবারও শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধার ব্যাপারে সোচ্চার থাকবে বাংলাদেশ। আবার এলডিসির সমন্বয়কারী হিসেবে অন্য এলডিসির দাবির ব্যাপারে বাংলাদেশ জোরালো বক্তব্য দেবে। এর মধ্যে অন্যতম হলো: সেবা খাতে স্বল্পোন্নত দেশগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া অর্থা ৎ এলডিসি থেকে উন্নত দেশে দক্ষ ও আধাদক্ষ শ্রমিক রপ্তানি এবং স্বল্পোন্নত দেশের খাদ্য আমদানির ওপর উন্নত দেশ কর্তৃক রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ না করা। উন্নত দেশগুলো যাতে তুলা উ ৎ পাদন ও রপ্তানির ক্ষেত্রে বর্তমানে দেয় ভর্তুকির পরিমাণ কমিয়ে আনে, সেই দাবিও উত্থাপন করা হবে সম্মেলনে। এর আগে সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত চার্টার্ড অ্যাকাউটেন্টদের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, সম্মেলনের সবচেয়ে বড় ব্যাপার হতো যদি দোহা পর্বের আলোচনার সমাপ্তি ঘটত। কিন্তু সেই সমাপ্তি এবারও হবে না বলে তিনি গোটা সম্মেলন নিয়ে খুব বেশি আগ্রহী নন। ফারুক খান আরও বলেন, পরিবেশের ক্ষতি হয়—এমন পণ্য ব্যবহার না করার কথা উন্নত দেশগুলো বলে বেড়ায়। কিন্তু পরিবেশবান্ধব বাংলাদেশি পাটপণ্য ব্যবহারে তারা ততটা উ ৎ সাহী নয়। ডব্লিউটিওর অকৃষি পণ্যের বাজারসুবিধায় (নামা) অন্তর্ভুক্ত অসমভাবে আক্রান্ত দেশ (ডিএসি) বিধানের মাধ্যমে কেউ যাতে বেশি সুবিধা না পায়, তা তুলে ধরার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলডিসির বাইরের কোনো উন্নয়নশীল দেশ যাতে শুল্কহারের দিক থেকে এলডিসির তুলনায় বেশি সুবিধা ভোগ করতে না পারে, সে ব্যাপারে সব এলডিসির পক্ষ থেকে একটি যৌথ ঘোষণা দেওয়া হতে পারে এবারের সম্মেলনে।’ মূল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে।প্রতিনিধিদল: ১৬ সদস্যের প্রতিনিধিদলে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সরকার পক্ষ থেকে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান, ডব্লিউটিও সেলের দুই পরিচালক শরীফা খান ও নেছার আহমেদ, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হান্নান, ইকোনমিক মিনিস্টার বিজয় ভট্টাচার্য। পাশাপাশি বেসরকারি খাত থেকে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক আরশাদ জামাল, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, বিকেএমইএ সহ-সভাপতি এ এইচ আসলাম সানী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন।