এবারও বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থার পুরস্কার পেল ইতিহাদ
গত বছরের মতো এবারও ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস (ডব্লিউটিএ) সংযুক্ত আরব আমিরাতের জাতীয় ইতিহাদ এয়ারওয়েজকে ‘বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন’ হিসেবে ভূষিত করেছে।বিশ্বে ভ্রমণশিল্পের অন্যতম স্বীকৃতিদাতা সংস্থা ডব্লিউটিএ সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে ইতিহাদ এয়ারওয়েজকে এই পুরস্কার দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাদ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা পিটার বমগার্টনার। ইতিহাদ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস হগান বলেন, ‘পরপর দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পাওয়া একটি বিমান সংস্থার জন্য সত্যিই এক বিরল সম্মান, যেটির বয়স কিনা মাত্র সাত বছর। এই স্বীকৃতি প্রমাণ করে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবা দিতে আমাদের প্রচেষ্টা সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বিমান পরিবহন শিল্পে তুমুল প্রতিযোগিতার এই সময় এমন একটি স্বীকৃতি পাওয়া বিশ্বের সেরা হতে আমাদের প্রেরণা জোগাবে বছরের পর বছর।’এ ছাড়াও ইতিহাদ এয়ার তৃতীয়বারের মতো ‘বিশ্বের শীর্ষস্থানীয় ফার্স্ট ক্লাস’ হিসেবেও স্বীকৃতি পেয়েছে।ডব্লিউটিএ বিশ্বের এয়ারলাইন, হসপিটালিটি ও পর্যটন ব্র্যান্ডগুলোকে তাদের গ্রাহকসম্পর্ক, সৃষ্টিশীলতা, সেবার গুণগত মান, পণ্যের অভিনবত্ব ও ব্যবসায়িক বিচারবুদ্ধি বিশ্লেষণের মাধ্যমে সেরা বিমান সংস্থা নির্বাচন করে থাকে। মধ্যপ্রাচ্যের প্রথম বিমানসংস্থা হিসেবে ইতিহাদ এয়ারওয়েজ ২০০৯ সালে ‘বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন’ পুরস্কার অর্জন করে। অনবোর্ড প্রডাক্ট, অভিজাত এয়ারপোর্ট লাউঞ্জ ও শক্তিশালী সেবানীতির জন্য অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বের শীর্ষস্থানীয় বিমান পরিবহন সংস্থায় পরিণত হয়েছে। বিজ্ঞপ্তি।