এবারও রোজার আগে মিল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে চিনির দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। সপ্তাহ দুয়েক আগেও বাসার কাছের খুচরা দোকান থেকে যে চিনি কেজিপ্রতি ৬৫ টাকা দরে কেনা যেত, তা এখন ৭০-৭২ টাকা দরে কিনতে হচ্ছে ক্রেতাদের।
আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম কমেছে। আমদানিও হয়েছে গত বছরের চেয়ে অনেক বেশি। তারপরও রোজার আগে দেশের বাজারে দাম বাড়ল। এর কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা সরবরাহের ঘাটতির কথা বলছেন। তাঁদের দাবি, মেঘনা গ্রুপের চিনির মিল বন্ধ থাকায় বাজার চড়ে গেছে।
ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল গত বছর রোজার আগে। ওই সময় মে মাসের দ্বিতীয় ভাগে প্রথমে মেঘনা ও পরে সিটি গ্রুপের চিনির মিল কিছুদিন বন্ধ থাকে। এতে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যায় বলে দাবি ছিল পাইকারি ব্যবসায়ীদের। এবার মিল বন্ধের ঘটনা ঘটল এপ্রিলের শেষ দিকে, যখন পাইকারি বাজারে রোজার কেনাকাটা শুরু হয়।
রোজায় চিনির চাহিদা প্রায় আড়াই লাখ টন। রমজানজুড়ে যদি কেজিতে গড়ে ৬ টাকা বেশি দাম দিতে হয়, তাহলে ভোক্তাদের পকেট থেকে বাড়তি বেরিয়ে যাবে প্রায় ১৫০ কোটি টাকা। অবশ্য মেঘনা গ্রুপ জানিয়েছে, সংস্কারের জন্য ২৮ এপ্রিল থেকে বন্ধ থাকার পর গত শুক্রবার মধ্যরাতে তাদের মিল আবার চালু হয়েছে। তবে পুরোদমে উৎপাদনে যেতে দু-তিন দিন সময় লাগবে।
দেশে অপরিশোধিত চিনি আমদানির পর পরিশোধন করে সিটি, মেঘনা, আবদুল মোনেম, পারটেক্স, দেশবন্ধু ও এস আলম গ্রুপ। তবে এই বাজারে বড় সরবরাহকারী সিটি ও মেঘনা।
মিল বন্ধ থাকার বিষয়টি গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বৈঠকে আলোচনায় এসেছিল। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে ওই বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, মেঘনার মিল বন্ধ থাকার সময় সরবরাহে যে ঘাটতি হবে, তা সিটি পুষিয়ে দেবে।
জানতে চাইলে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, সিটি গ্রুপ বাজারে চিনির সরবরাহ বাড়িয়েছে। এ ছাড়া মিলগেটে ৫৮-৫৯ টাকা দরে চিনি বিক্রি করা হচ্ছে।
মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘আমরা দু-তিন দিন পর থেকে দিনে প্রায় ২ হাজার টন চিনি সরবরাহ করতে পারব। বন্ধ থাকার সময়ও আমরা আগে উৎপাদন করে রাখা ১৩ হাজার টন চিনি সরবরাহ করেছি।’ অপরিশোধিত চিনির কোনো ঘাটতি নেই বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত চিনির দাম ছিল ৪৫০ ডলার, মার্চে তা ৪০০ ডলারে নেমেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ৮ মাসে ১৩ দশমিক ৩৮ লাখ টন চিনি আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার টন বেশি। পড়তি দর ও আমদানি বেশি হওয়ার কারণে দেশের বাজারেও দাম কমেছিল। গত মাসের মাঝামাঝিতে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল ৬৫-৬৬ টাকা। কারওয়ান বাজারের বড় দোকানে প্রতি কেজি চিনি পাওয়া যেত ৬৩-৬৪ টাকায়।
কারওয়ান বাজারে প্রতি কেজি চিনি ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ছোট বাজার ও বাসার কাছে মুদিদোকানে ৭০-৭২ টাকার নিচে চিনি মিলবে না। আর প্যাকেটজাত চিনির মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা ৭৩ টাকা।
কারওয়ান বাজারের কিচেন মার্কেটের প্রান্তিক স্টোর নামের একটি দোকানের বিক্রেতা আনোয়ার হোসেন গত শনিবার প্রথম আলোকে বলেন, কিছুদিন আগেও চিনির বস্তার (৫০ কেজি) দাম ছিল ২ হাজার ৯০০ টাকা। কয়েক দিনের মধ্যে তা ৩ হাজার ৩০০ টাকার কাছাকাছি উঠে গেল। তিনি রসিদ দেখিয়ে বলেন, ৩ হাজার ২৮০ টাকায় কিচেন মার্কেটের দোতলা থেকে এক বস্তা চিনি কেনার পর ১০ টাকা শ্রমিকের মজুরি দিতে হয়। খুচরা বিক্রি করলে এক কেজি ঘাটতি হয়। এতে কেনা দাম দাঁড়ায় কেজিপ্রতি ৬৭ টাকা। ১ টাকা লাভ করলেও প্রতি কেজি ৬৮ টাকার নিচে বিক্রি করা সম্ভব নয়।
কিচেন মার্কেটের দোতলার পাইকারি দোকান সিদ্দিক স্টোরের একজন বিক্রেতা বলেন, চিনির সরবরাহ স্বাভাবিক থাকলে এবার মূল্যবৃদ্ধির কোনো কারণই ছিল না। একই দাবি করেন পুরান ঢাকার মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী আবুল হাশেম। অবশ্য গত কয়েক দিনে পাইকারি বাজারে চিনির দাম সামান্য কমেছে বলে উল্লেখ করেন তিনি।