এবারও শীর্ষ তালিকায় বিআইডিএস

বিশ্বের শীর্ষ ১০০ থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। ২০১৪ সালের হিসাবে বিশ্বের প্রায় সাত হাজার গবেষণাধর্মী প্রতিষ্ঠানের মধ্যে বিআইডিএসের অবস্থান ৯৭ তম। ২০১৩ সালেও একই অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড সিভিল সোসাইটিসহ প্রোগ্রাম বা টিটিসিএসপির করা গ্লোবাল গো টু থিঙ্ক ট্যাঙ্ক ইনডেক্সে বাংলাদেশি প্রতিষ্ঠানের এ অবস্থান তুলে ধরা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বৈশ্বিক এ সূচকের বিভিন্ন দিক তুলে ধরে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বিআইডিএস কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, বিশ্বের প্রায় সাত হাজার গবেষণাধর্মী প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের ৩৫ টি গবেষণা সংস্থা বা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে একমাত্র বিআইডিএস ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান শীর্ষ ১০০-এর মধ্যে জায়গা পায়নি।
সূচকের নানা মাপকাঠি অনুযায়ী বৈশ্বিক অবস্থানের পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যকার অবস্থানও আলাদাভাবে নির্ণয় করা হয়। তাতে বিআইডিএস ১৭ তম অবস্থানে রয়েছে। ২০১২ ও ২০১৩ সালে বিআইডিএস ১৫ তম অবস্থানে ছিল।