এবারও সংশোধিত লক্ষ্য অর্জন করল এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে মূল লক্ষ্য কখনোই অর্জন করতে পারেনি এনবিআর। সদ্য বিদায়ী অর্থবছরে (২০১৬-১৭) সংশোধিত লক্ষ্য থেকে ৭১ কোটি টাকা বেশি আদায় করেছে। এ নিয়ে টানা তিনবার সংশোধিত লক্ষ্য অর্জন করেছে এনবিআর। বছরের প্রথম ছয়-সাত মাসের রাজস্ব আদায়ের গতিপ্রকৃতি বিবেচনা করে মূল লক্ষ্য প্রতিবারই সংশোধন করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকা আদায় হয়েছে। এটি সাময়িক হিসাব। সংশোধিত লক্ষ্য ছিল ১ লাখ ৮৫ হাজার ৭১ কোটি টাকা। অবশ্য গতবারের বাজেট ঘোষণার সময় এনবিআরকে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করা হয়। সুতরাং মূল লক্ষ্যমাত্রার সঙ্গে তুলনা করলে রাজস্ব আদায়ে ঘাটতি ১৮ হাজার ৮১ কোটি।
গত শুক্রবার গভীর রাতে সামাজিক মাধ্যমে এনবিআরের অফিশিয়াল ফেসবুক পেজে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্য অর্জনের খবর প্রথম প্রকাশ করা হয়। এরপর গতকাল দিনভরই সেই পেজে লাইক পড়েছে, শেয়ার হয়েছে। অনেক অনুসরণকারী কমেন্টও করেছেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান নিজের ফেসবুক পেজের মাধ্যমে রাজস্ব কর্মকর্তাদের অভিনন্দন জানান।
গতকাল রাতে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দেশে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা হচ্ছে। রাজনৈতিক দর্শনের পাশাপাশি সব অংশীদারের সহযোগিতায় এবারের রাজস্ব লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। লক্ষ্য অর্জনে আমার সহকর্মীরাও অক্লান্ত পরিশ্রম করেছেন।’
এনবিআরের ফেসবুক পেজে বলা হয়েছে, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনের এই হিসাবটি সাময়িক। ২৫ জুলাই চূড়ান্ত হিসাব পাওয়া যাবে। এনবিআর পেজে আরও বলা হয়েছে, অনেক চ্যালেঞ্জের মুখে এনবিআরকে এই সাফল্য ধরে রাখতে হয়েছে। পেট্রোবাংলার কাছে ২৩ হাজার কোটি টাকা বকেয়া আদায় করা গেলে, বিভিন্ন প্রকল্পে ৪০ হাজার কোটি টাকা কর অব্যাহতি দেওয়া না হলে, ব্যাংকিং খাতে ১৪ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি না হলে, ঈদ ও রোজার দীর্ঘ ছুটি না হলে এবং নতুন ভ্যাট আইন নিয়ে এনবিআরকে বিশাল কর্মযজ্ঞে না থাকতে হলে রাজস্ব আদায় আরও অনেক বেশি হতো।
বিদায়ী অর্থবছরে আগের বারের চেয়ে ২৯ হাজার ৫৫২ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে এনবিআর। বছর শেষে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশের মতো। যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৫-১৬ অর্থবছরে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ০৬ শতাংশ। তবে গতকাল শনিবার থেকে শুরু হওয়া নতুন অর্থবছরে ৩৪ শতাংশ প্রবৃদ্ধি ধরে এনবিআরকে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকার বিশাল রাজস্ব লক্ষ্য দেওয়া হয়েছে। এর মানে, আগামী অর্থবছরে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৬৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করতে হবে।
এই বিশাল লক্ষ্য অর্জন কতটা সম্ভব হবে—এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বরধারীর (ইটিআইএন) সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। আবার নতুন প্রজন্মের করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তাঁরাই আমাদের শক্তি। এ ছাড়া ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় নতুন নতুন উদ্যোক্তারা নিবন্ধিত হচ্ছেন। তিনি মনে করেন, নতুন বাজেট পাস হওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। তাই এবারের রাজস্ব আদায়ের লক্ষ্য বড় হলেও অর্জন করা সম্ভব হবে।