কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনী প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত ভোট হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একদিকে বরাবরের মতো এবারও সমঝোতার মাধ্যমে কার্যনির্বাহী পর্ষদ গঠনের চেষ্টা চলছে, অন্যদিকে ভোটে নেতা নির্বাচনের দাবি উঠেছে।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সাধারণ গ্রুপে ১০টি পরিচালক পদের বিপরীতে ২০ জন, সহযোগী গ্রুপে পাঁচটি পদের বিপরীতে ১১ জন, টাউন অ্যাসোসিয়েশন বা ট্রেড গ্রুপের দুজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নির্বাচন হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর। ভোটারসংখ্যা হচ্ছে ১৮৮ জন।
২০ বছর পর ভোটের প্রক্রিয়া শুরু হওয়ায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কিন্তু ভোট, না কি সমঝোতা তা নিয়ে নেতাদের মধ্যে বিভক্তি রয়েছে।
বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মজিবুর রহমান বেলাল বলেন, ‘আমরা সমঝোতার পক্ষে। সমঝোতা না হলে নির্বাচনের বিপক্ষে অবস্থান নেব। প্রয়োজনে যা করার তা করব।’
আবার পরিচালক বাদল রহমান সমঝোতার বিরোধিতা করে বলেন, ‘নির্বাচন হলো নেতা নির্বাচনের উত্তম পন্থা। কেউ নির্বাচন বন্ধ করতে চাইলে সাধারণ ভোটাররা তা প্রতিহত করবে।’
এ ছাড়া সহযোগী গ্রুপের প্রার্থী এরশাদ উল্লাহ বলেন, ‘এবার নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তাঁরা ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে চান।’
ভোট হলে নির্বাচিত পরিচালকেরা তাঁদের মধ্য থেকে একজন করে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন।