এবারও সারের কোনো সংকট হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের কোথাও কোনো ধরনের সার-সংকট হয়নি। অতীতের মতো সারের পেছনে কৃষকদের ঘুরতে হয়নি, কিংবা জীবন দিতেও হয়নি। চলতি বছরও কোনো ধরনের সারের সংকট হবে না উল্লেখ করে তিনি আরও বলেছেন, নতুন তিনটি সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। বর্তমান সরকারের আমলে শিল্প মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে মতবিনিময় করার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত শিল্পসচিব এ এইচ মাসুদ সিদ্দিকী এবং বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানাগুলো ঢালাওভাবে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে না। রাষ্ট্রায়ত্ত শিল্পকে ব্যক্তি খাতের পরিপূরক ও প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা হবে। এ ছাড়া কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখে কোনো সরকারি লোকসানি প্রতিষ্ঠান বেসরকারীকরণের আগে বিদ্যমান শ্রমশক্তির বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা হবে।মন্ত্রী জানান, বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান মুনাফা করছে। অচিরেই এসব লাভজনক শিল্পপ্রতিষ্ঠানের শেয়ার পর্যায়ক্রমে পুঁজিবাজারে ছাড়া হবে। এ ছাড়া নতুন শিল্পনীতির আলোকে পুঁজিবাজারকে আরও শক্তিশালী করা হবে। শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের বড় সাফল্য হলো, দীর্ঘ পথপরিক্রমা পেরিয়ে ৬ সেপ্টেম্বর ‘জাতীয় শিল্পনীতি-২০১০’ মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশে শিল্পায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন সূচিত হবে।দিলীপ বড়ুয়া বলেন, এ শিল্পনীতির লক্ষ্য হচ্ছে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন ধরনের কর্মসূচি ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের দেশে রূপান্তর করা। দেশে এ সময়ের মধ্যে এমন একটি শক্তিশালী শিল্প খাত গড়ে তোলা হবে, যাতে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান বর্তমানের ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে এবং শ্রমশক্তি নিয়োজনে (মোট কর্মসংস্থানে) অবদান ১৬ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত হয়।চিনির উৎপাদন সম্পর্কে দিলীপ বড়ুয়া বলেন, রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর উৎপাদন বাড়ানো এবং এগুলোকে বাণিজ্যিকভাবে লাভজনক করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরে আখের আবাদি এলাকা বাড়ানো হয়েছে। আশা করা যাচ্ছে, সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে আসন্ন মাড়াই মৌসুমে গত বছরের দ্বিগুণ চিনি উৎপাদন করা সম্ভব হবে। চলতি বছর এক লাখ ৬৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।শিল্পমন্ত্রী বলেন, বিসিকের আওতায় বাস্তবায়নাধীন শিল্পনগরগুলোর পাশাপাশি বর্তমান সরকার নতুন কিছু শিল্পনগরের প্রকল্প গ্রহণ করেছে।