এবারে কমওয়ার্ড পুরস্কার পেল ৯৩টি বিজ্ঞাপন
২০১৫ সালে প্রচারিত ৯৩টি অ্যাডভারটাইজিং ক্যাম্পেইন বা বিজ্ঞাপনচিত্র ষষ্ঠ কমওয়ার্ড পুরস্কার পেয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) দেশের ব্যবসা ও বিপণনের ক্ষেত্রে ক্রিয়েটিভ কমিউনিকেশন বা সৃজনশীল যোগাযোগে উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্যাটাগরি বা শ্রেণিতে এসব পুরস্কার দিয়েছে।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গত শনিবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী বিজ্ঞাপনগুলোকে গ্র্যান্ড প্রি, গোল্ড ও সিলভার—এই তিন শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। বিবিএফ ২০০৯ সাল থেকে কমওয়ার্ড পুরস্কার দিয়ে আসছে।
এবার ‘প্রথম আলো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫’ ও ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ শীর্ষক বিজ্ঞাপন দুটি সর্বোচ্চ তিনটি করে পুরস্কার পেয়েছে। এর মধ্যে ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ বিজ্ঞাপনটি ‘বেস্ট ইউজ অব কনটেন্ট’ ও ‘ভিডিও ফর ওয়েব’ শ্রেণিতে দুটি গ্র্যান্ড প্রি পুরস্কার লাভ করেছে। ‘ইন্টেগ্রেটেড ক্যাম্পেইন’ শ্রেণিতে ‘জিপি প্রথম বিজয়োল্লাস’ গ্র্যান্ড প্রি পুরস্কার পেয়েছে।
এ বছর কমওয়ার্ডের জন্য ৪১টি বিজ্ঞাপনী সংস্থা, প্রোডাকশন হাউস ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ বিভাগ থেকে মোট ৪৬৭টি মনোনয়ন জমা পড়ে। শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার প্রধান ও বিজ্ঞাপন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত তিনটি জুরি প্যানেল সেরা বিজ্ঞাপনগুলো নির্বাচিত করে।
এ বছর নামীদামি সংস্থাগুলোর পাশাপাশি নতুন ও ছোট বিজ্ঞাপনী সংস্থাগুলোও সৃজনশীল বিজ্ঞাপনের জন্য উল্লেখসংখ্যক পুরস্কার পেয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে একই স্থানে দিনব্যাপী ষষ্ঠ কমিউনিকেশন সামিট অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।