
দেশের কৃষি খাতে বিশেষ অবদানের জন্য এবারে সাত ক্যাটাগরি বা শ্রেণিতে ১০ কৃষক ও কৃষিবিষয়ক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কৃষি পুরস্কার পেয়েছে।
ঢাকার ওয়েস্টিন হোটেলে গতকাল রোববার আয়োজিত এক অনুষ্ঠানে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০১৫’ শীর্ষক এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিজয়ী সবার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার ও হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপি দাশ চৌধুরী এবং পুরস্কারের সহ-আয়োজক বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরিফুল ইসলাম।
দ্বিতীয়বারের দেওয়া হয় এই পুরস্কার। বছরের সেরা কৃষক বিভাগে তিনজন বিজয়ীকে পাঁচ লাখ টাকা এবং সম্মাননাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে প্রাইজ মানি বা অর্থ পুরস্কার দেওয়া হয়।
এবারে সেরা পুরুষ কৃষক হিসেবে পুরস্কার পেয়েছেন মো. বিল্লাল হোসেন। এ শ্রেণিতে সম্মাননা পান মো. আবু হানিফ মোড়ল। বছরের সেরা নারী কৃষকের পুরস্কার পান ফাতেমা জোহরা। এ বিভাগে সম্মাননা পান রেশমা বেগম। সেরা কৃষক (মার্কেট ফার্মার গ্রুপ) হয়েছে ইন্টিগ্রেটেড ফার্মিং গ্রুপ, সম্মাননা পায় ভার্মিকম্পোস্ট গ্রুপ। উদ্ভাবন ও গবেষণায় সেরা প্রতিষ্ঠান হয়েছে লাল তীর সিড। ব্র্যাক পেয়েছে সহায়তা ও বাস্তবায়নে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার। আমার দেশ আমার গ্রাম কৃষি খাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সিমার্ক গ্রুপ কৃষিপণ্য রপ্তানির জন্য সেরা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে।
আয়োজকেরা জানান, এবারে পুরস্কারের জন্য ৩০০ জন প্রতিযোগীর মনোনয়ন পাওয়া যায়।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘বিজয়ী ও সম্মাননার জন্য মনোনীত ব্যক্তিরা ইতিমধ্যে তাঁদের কঠোর পরিশ্রম ও উদ্ভাবনের দ্বারা আমাদের কৃষি খাতে দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন। আশা করি, অ্যাগ্রো অ্যাওয়ার্ড ও বিজয়ীরা তাঁদের প্রচেষ্টা ও প্রতিশ্রুতি অব্যাহত রাখবেন।’
গভর্নর আতিউর রহমান বলেন, এই পুরস্কার দেশের তৃণমূল পর্যায়ের কৃষক, দুগ্ধশিল্প, পশুসম্পদ বাজারজাতকারী, গবেষক এবং সংশ্লিষ্ট অন্যান্য শিল্পকে উৎসাহিত করবে। এভাবে সবার প্রতিশ্রুতি কৃষি খাতকে আরেক ধাপ উন্নয়নের দিকে নিয়ে যাবে।