এবারের জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্ন সিপিডির
মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হিসাবের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জিডিপি প্রবৃদ্ধির হিসাবের বার বার সংশোধন, তথ্যের অসামঞ্জস্যতা ও হিসাব-প্রক্রিয়ায় দুর্বলতার কারণে গবেষণা সংস্থাটি এ ধরনের প্রশ্ন তুলেছে। জিডিপির সাময়িক হিসাব যাচাই-বাছাই করার জন্য একটি স্বাধীন বিশেষজ্ঞ গোষ্ঠী গঠনেরও সুপারিশ করেছে সংস্থাটি। গতকাল শনিবার ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতির ওপর এক সংবাদ সম্মেলনে জিডিপি সম্পর্কে এমন মতামত দিয়েছে এই বেসরকারি গবেষণা সংস্থাটি। সিপিডি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৬৬ শতাংশ। এটি অবশ্য সাময়িক হিসাব। আর গত ২০০৯-১০ অর্থবছরের চূড়ান্ত প্রবৃদ্ধির হার ৬ দশমিক ১০ শতাংশ। গতবারের প্রবৃদ্ধির প্রাক্কলন ছিল ৫ দশমিক ৯০ শতাংশ।সিপিডি অবশ্য বিবিএসের এই প্রবৃদ্ধির হিসাবকে একটি ‘বিনিয়োগহীন প্রবৃদ্ধি’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থাটি। চলতি অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব অধিকাংশ খাতের ছয়-সাত মাসের উপাত্তের ভিত্তিতে তৈরি, পূর্ণ বছরের উপাত্তের ভিত্তিতে সংশোধিত জিডিপির প্রবৃদ্ধি আরও হ্রাস পাবে বলে ধারণা করছে সিপিডি। সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘চলতি অর্থবছরের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সংশয় আছে, অস্বস্তি রয়েছে। প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছে। জিডিপি ও বিনিয়োগ অনুপাত মিলছে না। পরিসংখ্যান রাজনীতি দ্বারা কুলষিত হোক—এটা কাম্য নয়।’ পরিসংখ্যানের শুদ্ধতা নিশ্চিত করার পক্ষে মত দেন তিনি। দেবপ্রিয় আরও বলেন, সরকারের হিসাব বিবেচনায় আনলে উৎপাদনশীল খাতের ভিত্তিতে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি হয়েছে। যদি তাই হয়, এটি দরিদ্রবান্ধব অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। হতে পারে তৃণমূল পর্যায়ের মানুষ অনেক বেশি কাজ করেছেন।তিনি অবশ্য বলেন, ‘আমরা সরকারের প্রাক্কলিত হিসাব নাকচ করে দিচ্ছি না। তবে নিবিড়ভাবে পর্যালোচনা করছি।’ আর তাই চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ৬ দশমিক ২০ থেকে ৬ দশমিক ৩০ শতাংশ হতে পারে। বিগত ২০০৯-১০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার চতুর্থবার সংশোধনের ফলে এর বিশ্বস্ততার বিষয়টি বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। আবার চলতি অর্থবছরের প্রথমার্ধে ক্ষুদ্র শিল্পের উৎপাদন কমেছে ৯ দশমিক ৪ শতাংশ হারে। সে ক্ষেত্রে জিডিপিতে এই খাতের প্রবৃদ্ধি কীভাবে সাড়ে সাত শতাংশ হয়? সিপিডি আরও বলেছে, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিপি) প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে বিবিএসের হিসাবের বড় ব্যবধান রয়েছে। আউশ ও আমন ফলনের হ্রাস, প্রবাস আয় প্রবাহ কমে যাওয়া, জ্বালানি-সংকট বিবেচনায় এনে এই দুটি দাতা সংস্থা জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে। জিডিপির অনুপাতে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হয়নি বলেও মনে করছে সিপিডি। সিপিডি বলেছে, ২০১০-১১ অর্থবছরে মোট বিনিয়োগ জিডিপির ২৪ দশমিক ৭ শতাংশ হবে বলে বিবিএস প্রাথমিক হিসাব করেছে। সেক্ষেত্রে বিনিয়োগের উৎপাদনশীলতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করতে হয়। সাধারণত প্রতি চার একক বিনিয়োগের জন্য এক শতাংশ প্রবৃদ্ধি হয়। গত পাঁচ বছরের ক্রমবর্ধমান মূলধন-উৎপাদন অনুপাত (আইসিওআর) এবং বিনিয়োগের বর্তমান হার বিবেচনা করলে তাই এবার প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশের বেশি হওয়ার কথা নয়। সংস্থাটির মতে, আইসিওআর-এ ২০১০-১১ অর্থবছরে ৩ দশমিক ৭-এ নেমে এসেছে। আগের বছর এটি ছিল ৪ দশমিক ৩। একটি বছরে উৎপাদনশীলতার এই হঠাৎ পরিবর্তন কিছুটা হলে ‘খটকা’ তৈরি করছে বলে মনে করছে সিপিডি। তবে সংস্থাটি এও বলছে, এমনও হতে পারে যে অর্থনীতি তার অব্যবহূত উৎপাদন-ক্ষমতা অধিক হারে ব্যবহার করছে।জিডিপির হিসাবে দুর্বলতা নীতিনির্ধারণে তিন ধরনের বাধা তৈরি করতে পারে বলে সিপিডির আশঙ্কা। প্রথমত, দুর্বল উপাত্ত নীতিনির্ধারকদের ভ্রান্তনীতি প্রণয়নের দিকে ঠেলে দেবে। দ্বিতীয়ত, যদি সরকারিভাবে প্রণীত উপাত্তের ওপর জনগণ বিশ্বাস হারিয়ে ফেলে, তবে সরকারের অন্যান্য নীতি উদ্যোগেরও প্রতি আস্থা কমবে। তৃতীয়ত, অর্থনীতির প্রবৃদ্ধির হার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হোক, এটি একেবারেই কাম্য নয়।