এবি ব্যাংকে অচলাবস্থা

বেসরকারি খাতের এবি ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হওয়ার পর কর্মস্থলে আসছেন না ব্যাংকটির এমডিসহ অন্য আসামিরা। এর ফলে ব্যাংক পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণে একধরনের অনিশ্চয়তায় পড়েছে প্রথম প্রজন্মের এ ব্যাংকটি। গত সপ্তাহে ব্যাংকটির প্রধান কার্যালয় ও কয়েকটি শাখায় গিয়ে এ অচলাবস্থার দৃশ্য চোখে পড়ে।
ব্যাংকের ৩৪৮ কোটি টাকা আত্মসাতে সহায়তার অভিযোগে ব্যাংক ও সিটিসেলের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক। সিটিসেল ও এবি ব্যাংকের সিংহভাগ শেয়ারের মালিক বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান। সিটিসেলকে সব অর্থায়নের অনুমোদনও হয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চার সভায়, তবে আসামি করা হয়নি কোনো পরিচালককে।
মতিঝিলের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ভবনেই ব্যাংকটির প্রধান কার্যালয়। গত সপ্তাহের রোববার দুপুর ১২টার দিকে প্রধান কার্যালয়ের ১১ তলায় গিয়ে দেখা যায়, এমডি মসিউর রহমান চৌধুরী নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের পর এমডি অফিসে আসেননি। ডিএমডি সাজ্জাদ হোসেনও ছুটিতে। মামলার আসামি প্রধান আর্থিক কর্মকর্তা মহাদেব সরকার সুমনও দেশের বাইরে রয়েছেন। পুরো সপ্তাহের পরিস্থিতিও ছিল একই। তবে গত বৃহস্পতিবার চেয়ারম্যান ওয়াহিদুল হক ব্যাংকে এসেছিলেন।
ওই তলাতে দেখা হয় ব্যাংকটির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী শেখ মুহিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘এমডি কোথায় জানি না। যেকোনো সময় অফিসে আসতে পারেন।’
তবে ব্যাংকটির প্রধান শাখা, কারওয়ান বাজার, মহাখালী, মতিঝিল, গুলশান ও কাকরাইল শাখা ঘুরে স্বাভাবিক লেনদেনই দেখা গেছে। ব্যাংকটির প্রধান কার্যালয় ও শাখার জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, যেকোনো বড় ঋণ বা ঋণপত্র আগে অনুমোদন থাকলেও বিতরণের সময় এমডির অনুমোদন লাগে। এ ছাড়া বড় যেকোনো সিদ্ধান্তেই এমডির সম্মতির প্রয়োজন হয়। দুদকের মামলার পর আর কেউ ঝুঁকিও নিতে চাইছে না। ফলে ব্যাংকে একধরনের স্থবিরতা বিরাজ করছে। তবে ব্যাংকের নিয়মিত লেনদেন চলছে।
এ অবস্থায় ব্যাংকটির দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমডি এম এ আব্দুল্লাহকে। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত কার্যক্রম চালানোর জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ এমডি কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না।’
বন্ধ হয়ে যাওয়া মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেলকে আত্মসাতে সহায়তার এ মামলায় আসামি করা হয় এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তাসহ (সিএফও) সাবেক-বর্তমান ১২ জ্যেষ্ঠ কর্মকর্তাকে। গত ২৮ জুন রাজধানীর বনানী মডেল থানায় এ মামলা দায়ের করে দুদক। পরিচালকদের বাঁচিয়ে কর্মকর্তাদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাংক খাতের শীর্ষ নির্বাহীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাংকের এমডি জানান, পরিচালকেরা ঋণ অনুমোদন করবেন। আর আসামি করা হবে শুধু ব্যাংকারদের। এটা কেমন আইন। এত বড় ঋণ তো ব্যাংক কর্মকর্তা একাই দেননি। এভাবে চললে তো ব্যাংকে কাজ করাই কঠিন হয়ে পড়বে।
এ বিষয় দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, অনুসন্ধান শেষে যাচাই-বাছাই করে কমিশন এজাহার অনুমোদন দিয়েছে ও মামলা হয়েছে। এখন বিস্তারিত আনুষ্ঠানিক তদন্ত চলছে, নতুন করে কাউকে আসামি করার প্রয়োজন পড়লে চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করা হবে।
যোগাযোগ করা হলে ব্যাংকটির চেয়ারম্যান ওয়াহিদুল হক প্রথম আলোকে বলেন, ‘নিয়ম মেনে সিটিসেলকে অর্থায়নের সিদ্ধান্ত হয়। ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত আছে, নথিপত্রও ঠিক আছে। দুদকের মামলা করার ক্ষমতা আছে, মামলা করেছে। আমরা বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।’ ওয়াহিদুল হক বলেন, ব্যাংকের লিগ্যাল শাখা জামিনের বিষয়টা দেখছে। এমডি অসুস্থ, সিএফও দেশের বাইরে। এ জন্যই তাঁরা অফিস করছেন না।
এদিকে বিভিন্ন অনিয়মের কারণে গত মে মাসে এবি ব্যাংকে পর্যবেক্ষক বসায় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির ঋণশৃঙ্খলাও ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক তদন্তে উঠে এসেছে। ব্যাংকটির ঋণ যাচ্ছে নির্দিষ্ট কয়েকটি গ্রুপের কাছে, যা আদায়ও হচ্ছে না। এরপরও নতুন ঋণ পাচ্ছে এসব গ্রুপ।
বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনর্গঠনের সুযোগে এবি ব্যাংক ১ হাজার ৩২৩ কোটি টাকার ঋণ নিয়মিতও করে। এর মধ্যে বেক্সিমকো গ্রুপেরই ৯৯৯ কোটি টাকা, শিকদার গ্রুপের আর অ্যান্ড আর অ্যাভিয়েশন ও হোল্ডিংয়ের ২৭৩ কোটি টাকা ও আব্দুল মোনেম সুগারের ৫০ কোটি টাকা।