এবি ব্যাংকেও পর্যবেক্ষক
বেসরকারি খাতের এবি ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের মান অনুযায়ী যথাযথ সঞ্চিতি সংরক্ষণ করতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার ব্যাংকটির চেয়ারম্যান ওয়াহিদুল হককে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সেখ মোজাফফর হোসেনকে পর্যবেক্ষক হিসেবে দেওয়া হয়েছে। এখন থেকে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ, অডিট কমিটি, নির্বাহী কমিটির সভায় উপস্থিত থাকবেন। ব্যাংকটিকে নিয়ম মেনে পরিচালনায় সহযোগিতা করবেন তিনি।
জানা গেছে, গত বছরের বার্ষিক প্রতিবেদনে ব্যাংকটির ১ হাজার ৩৪০ কোটি টাকা অতিরিক্ত খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজন ছিল। তবে ব্যাংকটি তা রাখতে ব্যর্থ হয়। মুনাফা থেকে সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ঋণের বড় অংশই বন্ধ হয়ে যাওয়া মুঠোফোন সেবাদান প্রতিষ্ঠান সিটিসেলের। এ ছাড়া চট্টগ্রামভিত্তিক রাইজিং গ্রুপ ও অফশোর ঋণের বাকি অংশ। এদিকে ব্যাংকটির ঋণশৃঙ্খলাও ভেঙে পড়েছে বলে একাধিক তদন্তে উঠে এসেছে। ব্যাংকটির ঋণ যাচ্ছে নির্দিষ্ট কয়েকটি গ্রুপের কাছে, যা আদায়ও হচ্ছে না। এরপরও নতুন ঋণ পাচ্ছে এসব গ্রুপ। এসব কারণেই পর্যবেক্ষক। এ নিয়ে ১৪ ব্যাংকের পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক।
বক্তব্য জানতে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।