এমআই সিমেন্টের চূড়ান্ত দরপত্র জমা ২৪-২৬ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআই সিমেন্ট লিমিটেডের প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণের জন্য চূড়ান্ত দরপত্রে অংশ নিতে অনুমোদিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অভিন্ন ও সমন্বিত বুক বিল্ডিং ব্যবস্থায় অনলাইনের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর সকাল ১১টায় শুরু হয়ে ২৬ অক্টোবর বিকেল চারটা পর্যন্ত একটানা দরপত্র গ্রহণ চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েব সাইটে গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দরপত্রে অংশ নিতে ইচ্ছুক তাদের আগামী ২০ অক্টোবরের মধ্যে নিবন্ধন ফি ও দরপত্রের ফি জমা দিতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুকূলে পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের (ডিডি) মাধ্যমে প্রয়োজনীয় ফি জমা দিতে বলা হয়েছে। এমআই সিমেন্ট বুক বিল্ডিং পদ্ধতিতে মোট তিন কোটি শেয়ার বাজারে ছাড়বে। কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ টাকা। এ মূল্যকেই ভিত্তি ধরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চূড়ান্ত দরপত্রে অংশ নেবে। তাদের এই নির্দেশক মূল্যের ২০ শতাংশ কম-বেশির মধ্যে থেকেই দর প্রস্তাব করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে দরপত্রের মাধ্যমে শেয়ারের মূল্য নির্ধারণের জন্য আইপিওর ২০ ভাগ শেয়ার বরাদ্দ রাখা হবে। বাজারে বহুল পরিচিত ক্রাউন সিমেন্ট এমআই সিমেন্টের একটি পণ্য।