এমআই সিমেন্টের শেয়ার অতিমূল্যায়িত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুক বিল্ডিং পদ্ধতিতে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) শেয়ার অতিমূল্যায়িত নয়, তাই কোম্পানিটিকে তালিকাভুক্তি না করার কোনো যুক্তিসংগত কারণ নেই। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্থিক তথ্য তুলে ধরে কোম্পানির উদ্যোক্তারা এ দাবি করেন।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন এমআই সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ার কোনো পর্যায়েই কোম্পানির কোনো ত্রুটি ছিল না। পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব ধরনের আইন ও বিধিবিধান মেনেই আইপিওর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরও বলেন, এসইসির নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫০ কোটি টাকার কম হওয়ায় ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্লেসমেন্টের মাধ্যমে কোনো শেয়ার বিতরণ করা হয়নি।জাহাঙ্গীর আলম জানান, আইপিওর জন্য কোম্পানির বিবরণীপত্রে (প্রসপেক্টাস) ২০০৯-১০ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রক্ষেপণ করা হয়েছিল চার টাকা ৫৬ পয়সা। কিন্তু বার্ষিক হিসাব চূড়ান্ত করার পর ওই সময় শেয়ারপ্রতি প্রকৃত আয় বেড়ে হয়েছে চার টাকা ৯৯ পয়সা। আর ২০১০-১১ অর্থবছর শেষে কোম্পানির শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত দাঁড়াবে ১৫ দশমিক ১৪।আবার ২০০৯-১০ অর্থবছরের হিসাবে কোম্পানির পিই অনুপাত ২২ দশমিক ৩৬, যা বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের যেকোনো কোম্পানির তুলনায় অনেক কম। সংবাদ সম্মেলনে বলা হয়, এমআই সিমেন্ট তিন কোটি শেয়ার বাজারে ছেড়েছে। বুক বিল্ডিং পদ্ধতিতে চূড়ান্ত দর নির্ধারণের জন্য প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ঠিক করা হয় ৯৩ টাকা, যা নিয়ন্ত্রক সংস্থা এসইসি অনুমোদন করে। এর ভিত্তিতেই নিয়ম অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রতিটি প্রতিষ্ঠানই নির্দেশক মূল্যের চেয়ে ২০ শতাংশ ওপরে, অর্থাৎ ১১১.৬০ টাকা মূল্য প্রস্তাব করে। পরে এসইসি যা আইপিওর শেয়ারের প্রস্তাবিত মূল্য হিসেবে অনুমোদন দেয়। এমআই সিমেন্টের শেয়ারপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা।জাহাঙ্গীর আলম বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক বিপর্যয়ের পর এমআই সিমেন্টের শেয়ার অতিমূল্যায়িত উল্লেখ করে তালিকাভুক্তি স্থগিত করা হয়। পরে তালিকাভুক্তির শর্ত হিসেবে বরাদ্দ মূল্যের চেয়ে দর কমে গেলে এসইসির পক্ষ থেকে সাধরণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলে কোম্পানি দুই দফা অঙ্গীকারনামা দিয়েছে। কিন্তু এই শর্তে তালিকাভুক্তির জন্য এসইসির নির্দেশনা কোম্পানি আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তাই তারা এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করেনি। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে এখনো কোনো নেতিবাচক সিদ্ধান্ত জানানো হয়নি। বিধি অনুযায়ী আজ বৃহস্পতিবার কোম্পানির তালিকাভুক্তির জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার কথা। তবে ইতিমধ্যে কোম্পানির পক্ষ থেকে এক মাস সময় বাড়ানোর জন্য এসইসিতে আবেদন জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে এমআই সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, পরিচালক এ বি সিদ্দিক, এম এ রউফ, মিজানুর রহমান মোল্লা, মোল্লা মোহাম্মাদ মজনু, আলমগীর কবির, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) তালুকদার মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।