এমএনপি চালুর প্রক্রিয়া ঝুলে গেছে
মুঠোফোন নম্বর পরিবর্তন না করে অপারেটর বদল বা এমএনপি সুবিধা চালুর নীতিমালা পুনরায় সংশোধন করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এমএনপি চালু করতে নিলামের মাধ্যমে নির্বাচিত পাঁচ প্রতিষ্ঠান নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় বিটিআরসিকে নীতিমালা সংশোধনের এ উদ্যোগ নিতে বলা হয়েছে। এর ফলে চলতি বছরের মধ্যে সুবিধাটি চালু হচ্ছে না।
বিটিআরসি সূত্রে জানা গেছে, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা চালুর জন্য দরপত্র আহ্বান থেকে শুরু করে প্রতিষ্ঠান নির্বাচন, নিলামপ্রক্রিয়াসহ সবকিছুই গুছিয়ে আনা হয়েছিল। নীতিমালা অনুযায়ী নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ‘বিড আর্নেস্ট মানি’ বা অংশগ্রহণের অর্থও জমা নেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে এ বিষয়ে বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, নিলামে অংশ নেওয়ার অর্থ জমা নেওয়ার পর এ মুহূর্তে প্রক্রিয়াটি বাতিল করা হলে আইনি জটিলতা দেখা দিতে পারে। সমস্যা সমাধানে দুটি প্রস্তাবও বিটিআরসি দিয়েছে। একটি হলো পুরো নিলামপ্রক্রিয়া বাতিল করা, দ্বিতীয়টি হলো নীতিমালা সংশোধন করা।
টেলিযোগাযোগ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এমএনপি নীতিমালা সংশোধন করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসির প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমএনপি নিলামে অংশ নিতে বিটিআরসি পাঁচটি প্রতিষ্ঠানকে গত সেপ্টেম্বরে যোগ্য ঘোষণা করে। প্রতিষ্ঠানগুলো হলো রিভ নম্বর লিমিটেড, গ্রিনটেক ইন্টারন্যাশনাল, ইনফোজিলিয়ন বিডি টেলিটেক কনসোর্টিয়াম, ব্রাজিল-বাংলাদেশ কনসোর্টিয়াম ও রুটস ইনফোটেক। আবেদনকারী প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে একটি করে বিদেশি প্রতিষ্ঠানও রয়েছে। রিভ নম্বরের সঙ্গে বিদেশি অংশীদার হিসেবে পোল্যান্ডের টিফোরবি, গ্রিনটেকের সঙ্গে লিথুনিয়ার মিডিয়াফোন, ইনফোজিলিয়নের সঙ্গে স্লোভেনিয়ার টেলিটেক, ব্রাজিল-বাংলাদেশ কনসোর্টিয়ামের সঙ্গে ব্রাজিলের ক্লিয়ারটেক ও রুটসের সঙ্গে নরওয়ের সিস্টোর গ্রুপ আছে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, ১ কোটির বেশি গ্রাহককে এমএনপি সেবা দেওয়ার মতো কারিগরি জ্ঞান দেশীয় কোনো প্রতিষ্ঠানের না থাকায় বিদেশি অংশীদার প্রতিষ্ঠান যুক্ত করার সিদ্ধান্ত নীতিমালায় নেওয়া হয়। কিন্তু এর ফলে বিদেশি প্রতিষ্ঠানের কাছে স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে, এ আশঙ্কায় নিরাপত্তার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো আপত্তি তুলেছে।
একজন গ্রাহক নম্বর অপরিবর্তিত রেখেই ইচ্ছেমতো এক অপারেটর থেকে আরেক অপারেটরে যেতে পারেন এমএনপি ব্যবস্থায়। বিটিআরসির এমএনপি নীতিমালা অনুযায়ী, এই সেবা দিতে গ্রাহকদের কাছ থেকে মুঠোফোন অপারেটররা সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবে। একবার এমএনপি সুবিধা নেওয়ার পর গ্রাহক আবার নতুন কোনো অপারেটরে যেতে চাইলে তাকে ৯০ দিন বা তিন মাস অপেক্ষা করতে হবে।
এমএনপি সুবিধা চালু করতে ২০১২ সালে প্রথম উদ্যোগ নিয়েছিল বিটিআরসি। সে উদ্যোগের অংশ হিসেবে ২০১৩ সালের ১৩ জুন মুঠোফোন অপারেটরদের এমএনপি বাস্তবায়ন করতে একটি নির্দেশনা জারি করেছিল কমিশন। তাতে বলা হয়েছিল, ২০১৪ সালের জানুয়ারির মধ্যেই গ্রাহকদের এমএনপি সুবিধা দিতে হবে অপারেটরদের। ২০১৪ সালের ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে গ্রাহকদের মতামতও সংগ্রহ করে বিটিআরসি। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তানসহ বর্তমানে ৭০টির বেশি দেশে এমএনপি সুবিধা চালু আছে।