
গ্রাহক স্বার্থে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) বাজারটি আরও প্রতিযোগিতামূলক হওয়া প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এ জন্য এমএফএসের বিদ্যমান নীতিমালা সংস্কারে কাজ চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক লিলা রশিদ। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং জার্মানির এফএনএফ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আয়োজিত ‘মোবাইল ব্যাংকিং ও আর্থিক নিরাপত্তা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গতকাল বুধবার এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব শ্যামসুন্দর শিকদার। এতে বাংলাদেশ ব্যাংক, মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন অপারেটর, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি শামীম আহসান।
আলোচনায় অংশ নিয়ে লিলা রশিদ বলেন, বৃহত্তর স্বার্থে এমএফএস খাতটি প্রতিযোগিতামূলক হওয়া দরকার। এ জন্য বিদ্যমান নীতিমালার ধারাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনার মাধ্যমে আগের নীতিমালাটি পরিবর্তন করা হবে। এতে নতুন অনেক প্রতিষ্ঠান এই সেবা দিতে আগ্রহী হবে।
এমএফএস বাজারের বর্তমান অবস্থা তুলে ধরে লিলা রশিদ বলেন, অক্টোবর ২০১৬ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এমএফএস মাধ্যমে মোট লেনদেনের ৮৯ শতাংশ বিকাশের দখলে রয়েছে, আর্থিক মূল্যে যা বাজারের ৭৫ শতাংশ। পরের স্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের দখলে আছে মোট লেনদেনের ১০ শতাংশ, যা আর্থিক মূল্যে বাজারের ২৪ শতাংশের সমান।
মূল প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, যাত্রা শুরুর প্রথম পাঁচ বছরে এমএফএস খাত যেভাবে বিকশিত হয়েছে, তেমন সাফল্য মুঠোফোন অপারেটররাও প্রথম পাঁচ বছরে দেখাতে পারেনি। এমএফএস সেবার সাফল্যের পাশাপাশি বাংলাদেশে এম-কমার্স ও ই-কমার্স দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ই-কমার্সে লেনদেন যে হারে বাড়ছে, ডিজিটাল মূল্য পরিশোধের ব্যবস্থা সেই হারে বাড়ছে না। এ জন্য অনলাইনভিত্তিক আর্থিক লেনদেনের প্রক্রিয়া সহজ করতে হবে। একই সঙ্গে ডিজিটাল আর্থিক প্রতারণা ঠেকাতে সচেতনতা বাড়াতে হবে।
এমএফএসের মাধ্যমে প্রতারণার বিষয়ে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদির বলেন, ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে এখন পর্যন্ত একটি প্রতারণাও হয়নি। যেসব ঘটনা ঘটছে, সবই হয়েছে মানুষের লোভের কারণে। এ ক্ষেত্রে সচেতনতা তৈরির কাজটি সরকারি-বেসরকারি খাতকে যৌথভাবে করতে হবে।
ই-কমার্স, এমএফএসের মতো ব্যবসায় মুঠোফোন অপারেটরদের সম্পৃক্ততার বিরোিধতা করে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো নিজেদের মূল ব্যবসার বাইরে বিভিন্ন ব্যবসা করার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের সতর্ক করে বলতে চাই, দয়া করে নিজেদের মূল ব্যবসায় মনোনিবেশ করার চেষ্টা করুন। সেটি করলে আপনারা ভালো সেবা দিতে পারবেন।’
সচিব শ্যামসুন্দর শিকদার বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এখন প্রতিদিন কত সাইবার আক্রমণ হচ্ছে, সেটি বের করার সক্ষমতা আইসিটি বিভাগ অর্জন করেছে। তবে ডিজিটাল আর্থিক লেনদেন ব্যবস্থাকে গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের আরও অনেক কিছু করার আছে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের আইসিটি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক শাফকাত হায়দার, বেসিস সভাপতি মোস্তফা জব্বার, এফএনএফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ নাজমুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।