এমএমই মেলা চলবে আজ ও কাল
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গেট দিয়ে ঢোকার পরপরই গাড়ি পার্কিং এলাকায় বড় বড় তাঁবু। তার মধ্যেই চলছে জাতীয় এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা) মেলা-২০১৬। সারা দেশ থেকে প্রায় দেড় শতাধিক উদ্যোক্তা সেখানে হাজির হয়েছেন তাদের পণ্য ও সেবার পসরা নিয়ে।
বৃহস্পতিবার বিকেলে মেলায়তেমন ভিড় ছিল না। অবশ্য আগের দিনগুলোর তুলনায় দর্শনার্থী কিছুটা বেশি হওয়ায় উদ্যোক্তাদের অনেকের মুখে হাসি দেখা গেল। নাজ ফ্যাশন হাউসের উদ্যোক্তা নাজমুন নাজ জানালেন ৩ এপ্রিল মেলা শুরুর প্রথম দিনে দর্শক সমাগম ও বিক্রি খুবই কম ছিল। কিন্তু পরবর্তী দিনগুলোতে বিক্রি এবং অর্ডারের পরিমাণ বেড়েছে। নামুন মুন মূলত জুয়েলারি তৈরি ও বিপণন করলেও এই প্রথমবার নিজে ডিজাইন করে টাঙ্গাইলের শাড়ি নিয়ে এসেছেন এবং এতে তিনি ভালোই সাড়া পাচ্ছেন। নাজ-র শাড়ি ১৪ হাতের হওয়াতে এতে অনেকে আগ্রহ দেখাচ্ছেন বরে তিনি জানান।
তবে, নাজ ফ্যাশনের মতো তেমন উচ্ছ্বসিত নন জুয়েলারি প্রতিষ্ঠানের খুদে বিক্রেতা ফাতেমা। তার বক্তব্য "আমাদের অন্য মেলার তুলনায় এখানে অনেক কম লোক। কম বিক্রি"।
আগের হিসাবে মেলা গতকাল বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও উদ্যোক্তাদের দাবির কারণে আজ শুক্র ও কাল শনিবার মেলার সময় বাড়ানো হয়েছে। মুগদা থেকে মহিলা ও বাচ্চাদের জামা কাপড়ের সওদা নিয়ে আসা রংতুলি লেডিস অ্যান্ড কিডস ফ্যাশনের অন্যতম উদ্যোক্তা হুমায়রার আশা ছুটির দিনে অনেক দর্শক ও ক্রেতার সমাগম হবে।
মেলার উদ্যোক্তাদের মধ্যে বেশির ভাগই বুটিকের ব্যবসা। সবচেয়ে বেশি স্টল জামা কাপড়ের। তারপরই মেলাতে চামড়াজাত পণ্যের স্টলের সংখ্যা। নিজের ডিজাইন করা মানিব্যাগ, জুতা, স্যান্ডেল ও বেল্ট বিক্রি করছেন তরুণ উদ্যোক্তা এস এম মোস্তাফিজুর রহমান বায়েজিদ। তাঁর ভাইপার লেদারে অন্যান্যদের মতো বেশ কিছু মূল্য ছাড়ের ব্যবস্থা রয়েছে। স্টলের সামনে দাঁড়িয়ে বায়েজিদ জানালেন ঢাকায় তার একটি শো-রুম রয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে আটজন ডিলারের মাধ্যমে ভাইপারের পণ্য বিক্রি হচ্ছে। ভবিষ্যতে ভাইপারকে একটি বড় ব্র্যান্ড হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
নিজের ব্র্যান্ড তৈরিতে তেমন আগ্রহ নেই আল-আমিনের। আল আমিন ও তাঁর স্ত্রী মিলে পরিচালনা করেন আল-আমিন লেদার ক্র্যাফটস। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁদের তৈরি চামড়াজাত পণ্য এরই মধ্যে বিদেশে রপ্তানি হচ্ছে। বিদেশে রপ্তানি হচ্ছে কারিগরের পণ্যও।
মেলায় বেশ কটি পাটজাত পণ্যের প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এশিয়া জুটস ও এমএস শামার স্টলে দেখা গেল পাটের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ, ফাইল ফোল্ডার এবং নানা ধরনের উপহার সামগ্রী। এম এস শামা'র উদ্যোক্তা ও প্রধান নির্বাহী শাফিয়া শামা মেলায় অর্ডার প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। ছুটির দিনে আরও ভালো বেচা-কেনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেলায় ভিন্ন ধরনের বাতির শেড নিয়ে এসেছেন আবুল কালাম আজাদ। ক্র্যাফট অল বিডি নামের তার প্রতিষ্ঠান বিভিন্ন ডিজাইনের টেবিল ল্যাম্পের শেড তৈরি করেন। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো আকৃতিতে বাতির শেড বানানোর চেষ্টা করছেন তিনি।
কোর ফিল্ড লিমিটেডের স্টলটিতে রয়েছে পোড়ামাটির তৈরি বিভিন্ন প্রদর্শনী সামগ্রী। নকশাকৃত পোড়ামাটির সামগ্রিকে আবার কাঠের ফ্রেমে বাঁধাই করা হয়েছে।
ইকো ড্রিমসের উদ্যোক্তা মামুন অর রশীদ বিক্রি করছেন "তুলতুলে" বালিশ। কেবল শিমুল তুলা দিয়ে তৈরি করা ইকো ড্রিমসের বালিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১৮০০ টাকায়। শিমুল তুলার বালিশের পাশাপাশি অর্গানিক খাদ্যের উদ্যোগও নিয়েছেন তিনি।
মেলায় বেশ কিছু খাবারের স্টলও রয়েছে। এর মধ্যে রাবেয়া বেগম রুবির বানানো গাজরের লাড্ডু বেশ সাড়া ফেলেছে মেলায়। রাবেয়া বেগম জানালেন তিনি কেবল নিজে তৈরি করে বিক্রি করেন না, তার একটি প্রশিক্ষণ কেন্দ্রও আছে। সেখানে তিনি মহিলাদের খাবার তৈরির প্রশিক্ষণ দেন।
এ ছাড়া মেলায় আছে প্লাস্টিক পণ্যের স্টলও।