এমএলএম আইন আজ মন্ত্রিসভায় উঠছে
‘মাল্টিলেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর খসড়া অনুমোদনের জন্য আজ সোমবার মন্ত্রিসভায় উঠছে। ডেসটিনির প্রতারণার পর দেশজুড়ে তোলপাড় হলে সরকার এ বিষয়ে আইন প্রণয়নে হাত দেয়। ছয় মাস আগে মন্ত্রিসভায় একবার উপস্থাপিতও হয় এ আইনের খসড়া মন্ত্রিসভার কিছু পর্যবেক্ষণসহ আইন মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা (ভেটিং) করে ঈদের আগে তা বাণিজ্য মন্ত্রণালয়ে ফেরত দেয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রিসভায় পাঠানো খসড়ার সারসংক্ষেপে বলা হয়েছে, এমএলএম কোম্পানিগুলো কখনো উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগে আকৃষ্ট করছে জনগণকে। আবার কখনো অলীক পণ্য বিপণনে অস্বাভাবিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। আইন থাকলে কেউ এসব কাজ করতে পারবে না। এতে আরও বলা হয়েছে, যে নামেই অভিহিত করা হোক না কেন, পিরামিডসদৃশ বিক্রয় কার্যক্রম করা যাবে না। অবস্তুগত বা অলীক পণ্য এবং সময়ের ধারাবাহিকতা বা পর্যায়ক্রমিক প্রক্রিয়াকরণের মাধ্যমে ভবিষ্যতে বিপণনযোগ্য হবে—এমন পণ্য বা সেবা নিয়েও ব্যবসা করা যাবে না।ডেসটিনিতে প্রশাসক বসানোর জন্য মাঝখানে বিদ্যমান কোম্পানি আইনে সংশোধনী আনার উদ্যোগ নিয়েছিল সরকার। প্রশাসক বসানোর বিধানটি শেষ পর্যন্ত বহুস্তর বিপণন (এমএলএম) আইনেই রাখা হচ্ছে। যে এমএলএম কোম্পানি জনগণের সঙ্গে প্রতারণা ও জালিয়াতি করবে, সে কোম্পানিতে প্রশাসক নিয়োগ করবে সরকার। ওই কোম্পানি পরিচালনা করে বা ওই কোম্পানির সম্পত্তি বিক্রি করে প্রতারিতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।খসড়ায় এমএলএম ব্যবসার পণ্য তালিকাও তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে গৃহস্থালি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক, হোম অ্যাপ্লায়েন্স, প্রসাধন ও টয়লেট্রিজ, হারবাল, টেলিমার্কেটিং, কৃষিজ ও কৃষিজাত, টেলিকমিউনিকেশন সেবা বা ব্যবহারযোগ্য পণ্য এবং প্রশিক্ষণসংক্রান্ত সেবা ও পণ্য। তবে এ পণ্য তালিকায় নাম কমানো-বাড়ানোর এখতিয়ার সরকারের হাতে থাকবে।