এমএলএম আইন এখন গলার কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতির ব্যবসায়ের মাধ্যমে দেশজুড়ে প্রতারণার ফাঁদ তৈরি করে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে ডেসটিনি। এক যুগ ধরে (২০০০-২০১২) ডেসটিনি মানুষের কাছ থেকে পাঁচ হাজার কোটি টাকার বেশি সংগ্রহ করে। অথচ এমএলএম পদ্ধতির ব্যবসায়ের কোনো আইনই ছিল না দেশে।
তবে ২০১২ সালের মাঝামাঝি ডেসটিনির সব অপকর্ম ফাঁস হয়। সংগৃহীত পাঁচ হাজার থেকে চার হাজার কোটি টাকাই আত্মসাৎ করেন ডেসটিনির কর্তাব্যক্তিরা। পাচার করেন শতকোটি টাকা। আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের দায়ে ডেসটিনির ৪৮ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। পরে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ২০১৩ সালের অক্টোবরে প্রণীত হয় মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন।
কিন্তু এই আইনটিই হয়ে গেছে এখন সরকারের গলার কাঁটা। আইনটিকে সরকার এখন গিলতেও পারছে না, আবার ফেলতেও পারছে না। বরং এটি এখন বাতিলের উপায় খুঁজছে বাণিজ্য মন্ত্রণালয়।
আইনানুযায়ী এমএলএম পদ্ধতিতে ব্যবসার জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়। লাইসেন্স দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থা যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো)। নতুন আইনের আওতায় লাইসেন্স নেওয়ার জন্য আবেদন পড়ে ২১টি। গত মার্চে রেজসকো চারটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিলেও ডেসটিনি ২০০০ লিমিটেডসহ ১৭টি প্রতিষ্ঠানের আবেদন নাকচ করে দেয়।
লাইসেন্স পাওয়া কোম্পানিগুলো হচ্ছে ওয়ার্ল্ড ভিশন ২১, স্বাধীন অনলাইন পাবলিক লিমিটেড, রিচ বিজনেস সিস্টেম ও এমএক্সএন মডার্ন হারবাল ফুড। আর না পাওয়া ১৭টি কোম্পানি হচ্ছে ডেসটিনি ২০০০ লি., এমওয়ে ইন্টারন্যাশনাল, টিয়ানসি (বিডি), এসএমএন গ্লোবাল, এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল, অ্যাডভান্স বাংলা, দেশান (বিডি), ডি ক্লাসিক লাইফ (বিডি), ড্রিম টুগেদার, একসিলেন্ট ফিউচার মার্কেটিং, ফরেভার লিভিং প্রোডাক্টস (বিডি), পিনাসেল সোর্সিং, সানুস লাইফ (বিডি), লাইফওয়ে (বিডি), লাক্সার গ্লোবাল এন, ম্যাকনম ইন্টারন্যাশনাল এবং ভিশন ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেড।
রেজসকো লাইসেন্স না দিলে আবেদনকারীরা বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল আবেদন করতে পারেন। আপিল আবেদনের শুনানি গ্রহণের সময়সীমা ছিল এত দিন ৪৫ কর্মদিবস। কিন্তু গত মাসে বিধিমালা সংশোধনের মাধ্যমে বাড়িয়ে তা ৯০ কর্মদিবস করা হয়েছে। শুনানির ৩০ কর্মদিবস পর আবেদনকারীকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আগে এ সময়সীমা ছিল ৭ কর্মদিবস।
জানা গেছে, রেজসকো থেকে ব্যর্থ হয়ে আবেদন করলেও কোম্পানিগুলোকে লাইসেন্স না দিয়ে বরং ঝুলিয়ে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত সোমবার সরাসরিই প্রথম আলোকে বলেন, ‘এমএলএম কোম্পানি প্রতারণা করে। তাই আমরা কাউকেই লাইসেন্স দিচ্ছি না। চারটিকে কেন দেওয়া হলো, সে ব্যাপারেও খোঁজ নিচ্ছি।’
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনও বলেন, ‘যেহেতু বিপুল সাধারণ মানুষের বিষয় এবং যেহেতু এমএলএম কোম্পানির ওপর মানুষের আস্থার ঘাটতি রয়েছে, তাই লাইসেন্স দেওয়ার ব্যাপারে আমরা ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করছি।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে যে বিধিমালা করা হয়, পাঁচ মাসের মাথায় গত ২২ জুলাইয়ে সেটি সংশোধন করা হয়। এই সংশোধনও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতিরই অংশ বলে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রেজসকোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনটি নিয়ে তাঁরা বেশ অস্বস্তিতে রয়েছেন। আইনটি হয়েছে বলেই এখন লাইসেন্সের জন্য আবেদন আসছে। অথচ, সরকারের মনোভাব পুরোপুরিভাবে এমএলএম-বিরোধী।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, আর কোনো কোম্পানিকেই এমএলএম পদ্ধতিতে ব্যবসা করার লাইসেন্স দেওয়া হবে না। যে চারটি কোম্পানিকে এরই মধ্যে লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলোর কার্যক্রমও বরং নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। কার্যক্রম সন্তোষজনক না হলে এদের লাইসেন্সও বাতিল করা হতে পারে।
ভেতরে ভেতরে এমএলএম লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখলেও গত মার্চ থেকে প্রতি সপ্তাহেই আবেদনকারী কোম্পানিগুলোর শুনানি গ্রহণ করছে—যার মূল দায়িত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মূর্তজা রেজা চৌধুরী।
তবে কোনো শুনানিতেই সন্তুষ্ট হতে পারছে না মন্ত্রণালয়। এই অসন্তুষ্টিও লাইসেন্স না দেওয়ার অজুহাত বলে মনে করছেন আবেদনকারীরা। একজন আবেদনকারী জানান, এখনো লাইসেন্স পাওয়ার আশা রাখেন বলে মন্ত্রণালয় বিরাগভাজন হতে পারেন, এমন কিছু বলতে চান না। তিনি বলেন, ‘আমার সব কাগজপত্র ঠিক। কয়েকবার যাচাই করা হয়েছে। কিন্তু লাইসেন্স পাচ্ছি না। কেন দিচ্ছে না, তার কোনো ব্যাখ্যাও নেই।’
মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য লাইসেন্স না দেওয়ার কয়েকটি কারণের কথা জানান। এগুলো হচ্ছে, এ দেশের মানুষের ভুলোমনা চরিত্র, অত্যধিক লোভপ্রবণতা, দুর্নীতিপরায়ণতা ও আয়েশি মনোভাব। তাঁরা জানান, এমএলএম বিতর্কিত পদ্ধতির ব্যবসা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই এমএলএম কোম্পানির প্রতারণা ধরা পড়েছে। ডেসটিনির প্রতারণা ধরা পড়ার পর বরং উচিত ছিল বাংলাদেশে এমএলএম পদ্ধতির ব্যবসা চিরতরে বন্ধ করে দেওয়া। তা না করে উল্টো একটি আইন করা হয়েছে, যার আদৌ কোনো দরকার ছিল না।
আইনটি প্রণয়নের সময় এই বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত ছিল বলে মনে করেন বাণিজ্য মন্ত্রণালয়েরই নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত সচিব। কয়েকটি উদাহরণ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে নব্বইয়ের দশকে আওয়ামী লীগের প্রয়াত নেতা মোস্তাফিজুর রহমান গড়ে তুলেছিলেন বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিআই)। এটি পরে বিলুপ্ত করা হয়। যুব কর্মসংস্থান সোসাইটিতে (যুবক) গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা আটকা পড়েছে, সরকার যার সুরাহা করতে পারছে না। তারপর এসেছে ডেসটিনি। দুঃখজনক যে, এত কিছু দেখার পরও এ-জাতীয় কোম্পানির ফাঁদেই ধরা দেয় সাধারণ মানুষ।
এমএলএম আইন নিয়ে এখন কী করা হবে, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আমার এ ব্যাপারে আলাপ হয়েছে। শিগগির নতুন একটি নির্দেশনা দেওয়া হবে।’