এমএলএম আইনের খসড়া মন্ত্রিসভায় যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: বহু স্তর বিপণন (এমএলএম) কোম্পানিগুলোর মাধ্যমে সাধারণ মানুষের প্রতারিত হওয়ার অনেক উদাহরণ তৈরি হয়েছে দেশে। প্রতিরোধের জন্য বাণিজ্য মন্ত্রণালয় কী করছে? মাহবুব আহমেদ: এমএলএম কোম্পানিগুলো বহু বছর থেকেই চলে আসছে। এদের দেখভালের জন্য এত দিন উপযুক্ত কোনো কর্তৃপক্ষ ছিল না। সেই বিবেচনাতেই আমরা এমএলএম আইন প্রণয়নে হাত দিয়েছি। আইন মন্ত্রণালয়ের ভেটিং (পরীক্ষা-নিরীক্ষা) শেষে আইনের খসড়াটি গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে তা উপস্থাপিত হবে। আইনের খসড়ায় এমএলএম পদ্ধতিতে ব্যবসায়ের জন্য পণ্যতালিকা নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব থাকছে। আইন হওয়ার পর এমএলএমের নামে প্রতারণা বা জালিয়াতি বন্ধ হবে। ডেসটিনির মতো এমএলএম কোম্পানিগুলোকে ভবিষ্যতে আইনের অনুশাসন মেনেই ব্যবসা করতে হবে। এখন যেমন ফাঁকফোকর দিয়ে অনেকেই পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন, এমএলএম আইন পাস হলে তা আর সম্ভব হবে না। প্রথম আলো: রানা প্লাজা ধসের পর বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ওপর সামনে রাজনৈতিক অস্থিরতার সম্ভাব্য সময়। এমন পরিস্থিতিতে রপ্তানি প্রবৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে কি? মাহবুব আহমেদ: আমি মনে করি না কোনো প্রভাব পড়বে। সবকিছুর পরেও বহির্বিশ্বে বাংলাদেশি পণ্যের একটা অবস্থান আছেই। যেসব দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়, ওইসব দেশের ব্যবসায়ীদের প্রতিক্রিয়া এবং তাঁদের চাওয়া বিশ্লেষণ করে দেখেছি যে, রপ্তানি কমবে না। একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার বোঝা যাবে। ২০১২ সালের জুলাইয়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছিল ১১ দশমিক ৪ শতাংশ। আর এ বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। রপ্তানি প্রবৃদ্ধি হবে না—এমন কোনো শঙ্কা নেই। তবে অস্বীকার করব না যে, চ্যালেঞ্জ নেই কোনো। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাই মিলেই কাজ করছি। প্রথম আলো: আপনারা কী কাজ করছেন? আর পোশাক রপ্তানিকারক সমিতিগুলোই বা করছে কী? মাহবুব আহমেদ: তৈরি পোশাক খাতের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কিছু পরামর্শ রয়েছে। সমিতিগুলোকে সেগুলো অনুসরণের জন্য আমরা তাগিদ দিচ্ছি। সমিতিগুলো নিজেরাও বুঝতে পেরেছে যে তারা আমাদের ভালোর জন্যই বলছে। এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে মিলেও কিছু কাজ করছি আমরা। সম্প্রতি শ্রম আইন সংশোধন হয়েছে। শিগগির নিয়োগ হবে ২০০ কারখানা পরিদর্শক। বিজিএমইএ, বিকেএমইএ নিজেরাও চেষ্টা করছে। কারণ, ভাবমূর্তি খারাপ হলে তো তাদেরই ক্ষতি। প্রথম আলো: ভারত এত পণ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দিলেও দেশটিতে রপ্তানি তেমন বাড়ছে না কেন? মাহবুব আহমেদ: ভারতে পণ্য রপ্তানি আশানুরূপ বাড়েনি, তবে বেড়েছে। বড় কথা হলো দুই দেশের বাণিজ্য ব্যবধান বাড়ছেই। আগে ভারতের পক্ষ থেকে শুল্ক বাধা থাকলেও এখন তেমন একটা নেই। তার পরও সুবিধাটা নেওয়া যাচ্ছে না কেন—এ ব্যাপারে ব্যবসায়ীদের নজর দিতে হবে। তাঁদের পক্ষ থেকে সরকারকে জানাতে হবে যে, এখনো কী কী সমস্যা রয়ে গেছে। প্রথম আলো: দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হিসেবে কোনো দেশের সঙ্গেই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে পারছেন না কেন? মাহবুব আহমেদ: এ বিষয়টি এত হলফ করে বলা যাবে না। এফটিএর সঙ্গে সম্পর্ক মূলত রপ্তানির। যে দেশের সঙ্গে এফটিএ করার চিন্তা করা হয়, সবার আগে দেখতে হয় এতে বাংলাদেশ কতটা লাভবান হতে পারবে। তারপর ওই দেশের সার্বিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন একটি প্রতিবেদন দাখিল করে বাণিজ্য মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় তখন সেটি নিয়ে এগোয়। যেমন ভারতের সঙ্গে এখন এফটিএর খুব একটা দরকার নেই। কারণ, তাদের কাছ থেকে শুল্কমুক্ত-কোটামুক্ত সুবিধা পেয়ে গেছি। মালয়েশিয়া, তুরস্কের সঙ্গে এখনো আলোচনা চলছে। আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়ার সঙ্গে এফটিএ করা যায় কি না, তার বিশ্লেষণ চলছে চুলচেরা। বিশদ হিসাব-কিতাব করে দেখা গেছে, শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ করা এখন আর খুব একটা লাভজনক হবে না। প্রথম আলো: বর্তমান সরকারের শুরুর বছর থেকে সিদ্ধান্ত নিয়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করা গেল না কেন? প্রতিযোগিতা আইন হলেও প্রতিযোগিতা কমিশন গঠনের কী হলো?মাহবুব আহমেদ: একেবারে কিছুই হয়নি, তা নয়। লোকবল বাড়ানো হয়েছে। গুদাম হয়েছে কয়েকটি। দেশের ২৬ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে। তাদের ক্রয়ক্ষমতা কম। আমি মনে করি, টিসিবির মতো প্রতিষ্ঠানের দরকার আছে। ভর্তুকি দিয়ে হলেও একে রাখতে হবে এবং এর সক্ষমতা বাড়াতে হবে। তবে হ্যাঁ, প্রতিযোগিতা কমিশন গঠন সত্যিকার অর্থেই পণ্যের যথাযথ মূল্য নির্ধারণের পাশাপাশি জনগণকে প্রতারণার হাত থেকে রক্ষায় ভূমিকা রাখবে। কমিশন গঠনের বিষয়টি প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমিও মনে করি, প্রতিযোগিতা কমিশন গঠন এখন সময়ের দাবি।[সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম]