এমএলএম প্রতিষ্ঠানের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ও প্রত্যক্ষ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য সরকার একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নীতিমালার একটি খসড়া প্রণয়ন করার জন্য ওই বৈঠকে একটি কমিটি গঠন করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের নিবন্ধক (আরজেএসসি) এই কমিটির আহ্বায়ক। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক (ডিটিও) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তা কমিটির অপর দুই সদস্য।সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর কমিটিকে সব সাচিবিক সহায়তা প্রদান করবে।কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে (২৯ সেপ্টেম্বর, ২০১০) নীতিমালার একটি খসড়া প্রস্তুত করে বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিলের জন্য বলা হয়েছে।এ ছাড়া একই সভায় যেসব এমএলএম বা ডাইরেক্ট সেলিং প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে বিধি মোতাবেক তাদের বার্ষিক রিটার্ন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে দাখিল করেনি, তাদের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বরের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য পরিদপ্তরকে বলা হয়েছে।