মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের লেনদেনে সতর্ক থাকার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার দেশের কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইউনিপেটুইউ’ নামের একটি হায় হায় কোম্পানি শেয়ারবাজারে ১০ টাকা বিনিয়োগের বিপরীতে ১০০ টাকা মুনাফা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে জনগণের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। আমরা এদের আইন করে তাড়াতে চাই, দেশছাড়া করতে চাই।’ অর্থমন্ত্রী আরও বলেন, এর আগে যুবক নামের একই ধরনের একটি প্রতিষ্ঠান জনগণকে এভাবে প্রলোভন দেখিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবাস্তব উচ্চ মুনাফার লোভে এ ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতারিত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। কোথাও কোথাও মাসে ১০ শতাংশ বা তার বেশি হারে মুনাফার কথা বলা হচ্ছে।কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, কিছুদিন ধরে এমএলএম ব্যবসায়ী বর্ণনাধারী কিছু কিছু প্রতিষ্ঠান অবাস্তব উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সরলবিশ্বাসী জনসাধারণের কাছ থেকে প্রতারণামূলকভাবে বিপুল অর্থ সংগ্রহ করছে। এভাবে সংগৃহীত অর্থ বিদেশে স্বর্ণ বা বৈদেশিক মুদ্রা ইত্যাদি কিনে জমা রাখা বা ব্যবসায়িক লেনদেনে ব্যবহূত হচ্ছে বলে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে বা প্রতিনিধিদের ছোট ছোট সভায় প্রচার করে সাধারণ জনগণকে প্রলুব্ধ করা হচ্ছে। অথচ বাংলাদেশে সংগৃহীত তহবিল বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত বিদেশে স্থানান্তর ও বিনিয়োগ করা যায় না। এরকম করা হলে তা বৈদেশিক মুদ্রা আইন নিয়ন্ত্রণ, ১৯৪৭-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ। কেন্দ্রীয় ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটির লেনদেন ২০০৯ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন দ্বারা স্থগিত করা হয়েছিল এবং কোনো কোনোটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব প্রতিষ্ঠান দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে তাদের কার্যক্রম শুরু করেছে। এতে জনগণকে আরও জানানো হয়েছে, এদের কোনো একটি হিসাব বাংলাদেশ ব্যাংক কিংবা দুদক কর্তৃক অবরুদ্ধ করা হলেই এরা অন্য নামে ভিন্ন এলাকায় একই ধরনের কার্যক্রম শুরু করে।