এমএলএম ব্যবসার প্রতারণা থেকে সাবধান: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুস্তর বিপণন (এমএলএম) পদ্ধতির প্রতারণামূলক ব্যবসা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। ঢাকার একটি কনভেনশন সেন্টারে গতকাল শনিবার মডার্ন হারবাল গ্রুপের ৩১ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। এতে সভাপতিত্ব করেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান আলমগীর মতি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সাবেক সভাপতি শমসের আলী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং জাপানি হারবাল কোম্পানির মহাব্যবস্থাপক মানিকো কোইকি। গোলাম মোহাম্মদ কাদের বলেন, এমএলএম পদ্ধতির ব্যবসায় দেশে এ যাবৎ অনেক প্রতারণা হয়েছে। এ প্রতারণা আর চলতে দেওয়া যায় না। প্রতারণা বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেওয়ার পর এর খসড়া এখন পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে এমএলএম পদ্ধতির ব্যবসায়ের মাধ্যমে আর প্রতারিত না হন, সে বিষয়ে সরকার সজাগ। তবে জনগণকেও সজাগ থাকতে হবে বলে তিনি মনে করেন। ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের উদ্দেশেই গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘কাল্পনিক কোনো পণ্য কেনাবেচা করে প্রতারিত হবেন না। পণ্যের বাস্তব অবস্থা, গুণগতমান ও ন্যায্যমূল্য নিশ্চিত হয়ে তারপর পণ্য কেনাবেচা করুন।’এমএলএম ব্যবসার নামে যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে সরকার এরই মধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই হারবাল চিকিৎসার প্রচলন রয়েছে। বাংলাদেশেও হারবাল পণ্য রয়েছে। এর মাধ্যমে অল্প খরচে স্বাস্থ্যসেবা গ্রহণ করা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হারবাল পণ্যসামগ্রী স্বাস্থ্যসেবায় ভালো ভূমিকা রাখছে। বাংলাদেশি হারবাল পণ্য বিশ্বের বিভিন্ন দেশের বাজারে রপ্তানি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।