এমএসএ প্লাস সফটওয়্যারের মক ট্রেডিং শুরু
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার বিকেলে মেম্বার সার্ভার অ্যাপলিকেশন (এমএসএ) প্লাস সফটওয়্যারের মক (পরীক্ষামূলক) ট্রেডিং শুরু হয়েছে। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে ডিএসইর ট্রেনিং অ্যাকাডেমিতে সংস্থার সভাপতি শাকিল রিজভী সফটওয়্যারটির মক ট্রেডিং আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান খান, পরিচালক আহমেদ রশীদ লালী, প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় শাকিল রিজভী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে হ্যাকারদের আক্রমণ বিবেচনায় নিয়ে সফটওয়্যারের নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত করা হবে। এই সফটওয়্যারটি হ্যাকারদের আক্রমণের শিকার হবে না বলেও মন্তব্য করেন তিনি।আজকের পরীক্ষামূলক ট্রেডিংয়ে তিনটি ব্রোকারেজ হাউসের পাঁচজন করে ১৫ জন প্রতিনিধি অংশ নেন।ডিএসই সূত্রে জানা গেছে, নতুন এই সফটওয়্যার চালু হলে বিনিয়োগকারীরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি লেনদেনে অংশ নিতে পারবেন। এরই মধ্যে ডিএসইর সদস্য বিভিন্ন ব্রোকারেজ হাউসের অথরাইজড রিপ্রেজেনটেটিভদের নিয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। লেনদেন শেষ হওয়ার পর হাউসগুলো প্রতিদিন এক ঘণ্টা করে ২১ কার্যদিবস পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালিয়ে যাবে হাউসগুলো। এরপর এই সফটওয়্যারের ভালো-মন্দ দিক নিয়ে পর্যালোচনা করা হবে। কিছু সংযোজন বা বিয়োজনের প্রয়োজন হলে তা সম্পন্ন করে আগামী সেপ্টেম্বরে পুরোপুরি চালু হতে পারে এই ট্রেডিং ব্যবস্থা।এর আগে গত ৩০ মে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) মিলনায়তনে বিভিন্ন ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এমএসএ প্লাসের ওপর এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।বর্তমানে ডিএসই টেসা সফটওয়্যারের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে থাকে।