এমএসএ প্লাসের ত্রুটির প্রতিবেদন চেয়েছে বিএসইসি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সফটওয়্যার এমএসএ প্লাসের ত্রুটি-সংশ্লিষ্ট প্রতিবেদন চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার এ-সংক্রান্ত চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে। চিহ্নিত ত্রুটিগুলো সাত দিনের মধ্যে বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১৯ জুন কমিশনের ৪৮০তম সভায় এমএসএ প্লাসের বিষয়টি উত্থাপিত হয়। বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা হয়। এমএসএ প্লাস সফটওয়্যারের ত্রুটি-বিচ্যুতির বিষয়ে বিএসইসি এরই মধ্যে তদন্ত সম্পন্ন করেছে। ওই তদন্ত প্রতিবেদনে যেসব সমস্যা পাওয়া গেছে তা দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে। একই সঙ্গে আগের মাসগুলোয় যে সব সমস্যা চিহ্নিত করা হয়েছে তা সাত দিনের মধ্যে প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয় চিঠিতে।
এ বিষয়ে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এমএসএ প্লাস সফটওয়্যার নিয়ে বিএসইসি কিছু জানতে চাইলে চিঠি পাওয়ার পর তা বিএসইসিকে জানানো হবে।
প্রসঙ্গত, গত ২০ মার্চ পুঁজিবাজারে ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন শুরু হয়। ওই দিন লেনদেন শুরুতে সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে লেনদেনে ভোগান্তিতে পড়েন অনেক বিনিয়োগকারী। সফটওয়্যারজনিত সমস্যার কারণে কাঙ্ক্ষিত দরে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারেননি বলে অভিযোগ করেন অনেক বিনিয়োগকারী।
এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিএসইসি। কমিটির আহ্বায়ক হলেন বিএসইসির নির্বাহী পরিচালক (এসআরএমআইসি) মো. আনোয়ারুল ইসলাম। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম (এমআইএস ) ও পরিচালক (প্রশাসন) শেখ মাহাবুব উর রহমান।