এমজিএম দেউলিয়া
বিশ্বের অন্যতম পুরোনো ও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মেয়ারের (এমজিএম) ঋণদাতারা প্রতিষ্ঠানটিকে দেউলিয়া ঘোষণা করে এর পুনর্গঠনের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। এর আগে আরেক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান স্পাইগ্লাস এন্টারটেইনমেন্ট এমজিএমকে আর্থিকভাবে পুনর্গঠনের জন্য দেউলিয়া ঘোষণা করার প্রস্তাব দিয়েছিল। এমজিএম সাম্প্রতিককালে প্রায় ৪০০ কোটি ডলারের দেনায় জর্জরিত হয়ে পড়েছিল। খবর বিবিসি অনলাইনের।এমজিএম দেউলিয়া ঘোষিত হলে এটি স্পাইগ্লাসের নিয়ন্ত্রণে চলে আসবে। স্পাইগ্লাস এমজিএমের দেনা পরিশোধ করার চেষ্টা করবে। এর ফলে ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান এমজিএম বিলুপ্তির হাত থেকে রক্ষা পেল।তবে এমজিএমের ঋণদাতারা এর ব্যাপারে অন্য কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের প্রস্তাব নাকচ করে দেন। এঁদের মধ্যে ধনকুবের কার্ল এলকাহানের কানাডিয়ান প্রতিষ্ঠান লায়নসগেটও ছিল।এদিকে এমজিএমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঋণদাতারা সর্বসম্মতিক্রমে এর আর্থিক পুনর্গঠনের পক্ষে মত দিয়েছেন।সাম্প্রতিককালে বেশ কয়েকটি চলচ্চিত্র বক্স অফিসে ব্যবসা করতে না পারার কারণে এমজিএম ভয়াবহ দেনার মুখে পড়ে গিয়েছিল। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তৈরি বিভিন্ন ছবির ভিডিও ব্যবসাও মুখ থুবড়ে পড়েছিল।এমজিএমের আর্থিক অসংগতির কারণে বেশ কয়েকটি বহুপ্রতীক্ষিত ছবিরও নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে জেমস বন্ডের নতুন একটি ছবিও ছিল।