এমজেএলের তালিকাভুক্তি নাকচ করেছে ডিএসই
এমজেএলের তালিকাভুক্তর বিষয়টি নাকচ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। আজ বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।আহসানুল ইসলাম বলেন, ২১ মার্চ এমজেএলের তালিকাভুক্তিকরণের ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি) ডিএসইতে চিঠি পাঠায়। ডিএসইর তালিকাভুক্তিকরণ কমিটি বিষয়টি পরিচালনা পর্ষদের পাঠায়। পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে এমজেএলের পক্ষ থেকে যে ফান্ড থেকে শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়, তা কোম্পানি আইন ৫৭-এর ২(সি) ধারায় না থাকায় বিষয়টি নাকচ করা হয়।নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের শেষ তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে তালিকাভুক্ত হতে হয়। এ নিয়ম অনুযায়ী ৩১ মার্চ প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির সময়সীমা শেষ হবে।