এমজেএলের তালিকাভুক্তির মেয়াদ আরেক দফা বৃদ্ধি
এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সংস্থাটির এক জরুরি সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, এর আগে তালিকাভুক্তির জন্য এসইসি অনুমোদন দিলেও ডিএসইর আপত্তির কারণে তালিকাভুক্ত হতে পারেনি এমজেএল। ডিএসইর পরিচালনা পর্ষদ গত রোববার কোম্পানিটির তালিকাভুক্তির সর্বশেষ প্রস্তাবও নাকচ করে দেয়। এ অবস্থায় প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে। এদিকে তালিকাভুক্তির জন্য এমজেএলের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। গত ১৪ মার্চ এসইসি প্রথম দফায় সময় দুই সপ্তাহের মতো বাড়ালেও তাও শেষ পর্যায়ে। তাই সময় বাড়ানোর জন্য গতকাল মঙ্গলবার এসইসির কাছে আবারও আবেদন করে প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিশেষ বিবেচনায় প্রতিষ্ঠানটির তালিকাভুক্তির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয় এসইসি। আইন অনুযায়ী, কোনো কোম্পানিকে প্রাথমিক শেয়ারের (আইপিও) চাঁদা গ্রহণের পর ৭৫ দিনের মধ্যে ডিএসইতে তালিকাভুক্ত হতে হয়। কিন্তু বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারটির বিরুদ্ধে অতিমূল্যায়নের অভিযোগ ওঠায় সরকার বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা চিন্তা শুরু করে। এরই অংশ হিসেবে কোম্পানির শেয়ারের দাম প্রস্তাবিত মূল্যের চেয়ে কমে গেলে উদ্যোক্তাদের পুনঃক্রয়ের শর্ত দেওয়া হয়। কিন্তু কোম্পানি এ প্রক্রিয়ায় রাজি না হয়ে ছয় মাসের মধ্যে দাম কমে গেলে বিনিয়োগকারীদের শেয়ারের অতিরিক্ত প্রিমিয়াম থেকে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে তালিকাভুক্তিতে রাজি হয়। এসইসি এ প্রস্তাবে রাজি হলেও কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারার কথা উল্লেখ করে ডিএসই আপত্তি জানায়। এ পর্যায়ে ডিএসই থেকে কোম্পানিকে অনানুষ্ঠানিকভাবে প্রাথমিক শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কোম্পানির পক্ষ থেকে সব শেয়ারধারীকে বোনাস দেওয়ার কথা বলা হলে ডিএসই তাতে রাজি না হয়ে তালিকাভুক্তির প্রস্তাব বাতিল করে দেয়।