এমজেএলের ২০০ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পাওয়া এমজেএল বাংলাদেশ লিমিটেডের শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত কাগজপত্র এসইসিতে জমা দেওয়া হয়েছে বলে এসইসি সূত্রে জানিয়েছে।এ ছাড়া নগদ লভ্যাংশ দেওয়ার পরও লেনদেন শুরুর ছয় মাস পর্যন্ত শেয়ারের দাম বরাদ্দ মূল্যের চেয়ে নিচে নামলে সর্বোচ্চ ১০ টাকা ক্ষতিপূরণ দেবে এমজেএল কর্তৃপক্ষ।এর আগে তালিকাভুক্তির জটিলতা এড়াতে গত বৃহস্পতিবার এসইসিতে অনুষ্ঠিত এক বৈঠকে এসইসি ও দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে আলোচনায় এমজেএল কর্তৃপক্ষ এ প্রস্তাবনা দেয়। নগদ লভ্যাংশের এ বিষয়টি প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় অনুমোদনের আজ এসইসিতে চূড়ান্ত প্রস্তাবটি জমা দেওয়া হয়।প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় এমজেএলকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইনগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসই জানায়। এদিকে প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিন দফা সময় বাড়ানো হয়।তবে এসইসি নির্দেশনা আকারে জারি করলে এমজেএলের তালিকাভুক্তির বিষয়ে আর কোনো জটিলতা থাকছে না।