এমটিবি ইউনিট ফান্ডের পুনঃ ক্রয় ও বিক্রয়মূল্য ঘোষণা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি ইউনিট ফান্ডের সম্পদমূল্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পুনঃ ক্রয় ও বিক্রয়মূল্য ঘোষণা করেছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, ২৩ অক্টোবরের হিসাব অনুযায়ী তহবিলটির ১০ টাকা মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ২৬ পয়সা। আগের সপ্তাহে যা ছিল ১১ টাকা ৫৬ পয়সা।
এদিকে সম্পদমূল্য ঘোষণার পাশাপাশি তহবিলটির প্রতি ইউনিটের জন্য পুনঃ ক্রয় ও বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। যেসব বিনিয়োগকারীর হাতে বর্তমানে এটির ইউনিট রয়েছে তাঁরা চাইলে ১০ টাকা ৪০ পয়সা দরে তা বিক্রি করতে পারবেন। আর নতুন করে যাঁরা এটি ক্রয় করতে আগ্রহী তাঁদের জন্য ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৭০ পয়সা। আজ রোববার থেকে নতুন এ মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।
বে-মেয়াদি এ তহবিলটি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। সম্পদ ব্যবস্থাপকের কার্যালয়সহ শতাধিক বিক্রয় প্রতিনিধির মাধ্যমে এটির ইউনিট কেনাবেচা হয়।