এমটিবি ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
এমটিবি ইউনিট ফান্ড নামে একটি বেমেয়াদি (ওপেন-এন্ড) মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির ৪২৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এ সময় কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, এমটিবি ইউনিট ফান্ড ১০ কোটি ইউনিট ছেড়ে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতি ইউনিটের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওই ১০০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তার ২০ কোটি টাকা, ইনভেস্টর প্লেসমেন্ট ছয় লাখ ৬০ হাজার টাকা ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৭৯ কোটি ৯৩ লাখ টাকার ইউনিট বরাদ্দ করা হয়েছে।এমটিবি ইউনিট ফান্ডের উদ্যোক্তা (স্পনসর) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এ ছাড়া সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমটিবি ইউনিট ফান্ড বাংলাদেশের প্রথম বেমেয়াদি মিউচুয়াল ফান্ড, যা কাগুজে ইউনিটের পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন হবে।এ ছাড়া আজকের সভায় ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম কোয়ার্টারের আর্থিক বিবরণী দাখিলে ব্যর্থতার জন্য মোনা ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড (ইস্যুয়ার), রোজ হ্যাভেন বল পেন লিমিটেড (ইস্যুয়ার) ও ফাহাদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইস্যুয়ার) প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।