এমটিবি ইউনিট ফান্ডের বিক্রি শুরু ১৫ এপ্রিল
আগামী রোববার থেকে শুরু হচ্ছে এমটিবি (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) ইউনিট ফান্ডের বিক্রয় কার্যক্রম। সারা দেশে ১১৫টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম চলবে। এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ২১ জন বিক্রয় প্রতিনিধিকে প্রশিক্ষণ প্রদান করেছে ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। গতকাল বুধবার রাজধানীতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এমটিবি ইউনিট ফান্ড ১০০ কোটি টাকার বেমেয়াদি ফান্ড। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফান্ডটির প্রধান উদ্যোক্তা। বেমেয়াদি ফান্ড হওয়ায় এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে না। জানা গেছে, ফান্ডটির প্রতিটি ইউনিট লেনদেন হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। এর আগে আর কোনো বেমেয়াদি ফান্ডের ইউনিট ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন হয়নি। ফলে ফান্ডটির ইউনিটধারীরা নির্ধারিত বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সহজেই ইউনিট লেনদেন করতে পারবেন।