এমটিবি সাহসিকতা পুরস্কার পেলেন নিহত লিয়াকত
মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ‘সাহসিকতা পুরস্কার’ পেলেন লিয়াকত আলী নামের নিহত এক ব্যক্তি। ৩ জুলাই উত্তরায় ৪ নম্বর সেক্টরে ৩ নম্বর সড়কে এক নারীকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি।
পুরস্কার হিসেবে লিয়াকত আলীর পরিবারকে দুই লাখ টাকা ও সনদ প্রদান করা হয়। একই সঙ্গে এমটিবি তাঁর দুই ছেলের দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নিয়েছে।
এমটিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহসিকতার পুরস্কার হিসেবে লিয়াকত আলীর স্ত্রী মোরশেদা আখতার এবং দুই ছেলে মোরশেদুল জান্নাত ও মিশকাতুল মুসতাকিনের হাতে আজ বৃহস্পতিবার দুই লাখ টাকার চেক ও সনদ তুলে দেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস এ খান। এরই মাধ্যমে ‘এমটিবি সাহসিকতা পুরস্কার’ দেওয়া শুরু করে ব্যাংকটি। ভবিষ্যতে লিয়াকত আলীর মতো সাহসী ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় এমটিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও লিয়াকত আলীর স্বজনেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, লিয়াকত আলী উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন। ৩ জুলাই দিবাগত রাতে ওই সড়ক দিয়ে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল কয়েকজন দুর্বৃত্ত। ঘটনা দেখতে পেয়ে লিয়াকত মেয়েটিকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।