এমটিবি-মাস্টারকার্ড নিয়ে এল চারটি ডেবিট ও ক্রেডিট কার্ড

মাস্টারকার্ডের সহযোগিতায় গ্রাহকদের জন্য চার ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। কার্ডগুলো হচ্ছে ওয়ার্ল্ড, টাইটানিয়াম, গোল্ড ও ক্ল্যাসিক মাস্টারকার্ড।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে গত রোববার এসব কার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমটিবির চেয়ারম্যান এম এ রউফ, ভাইস চেয়ারম্যান মো. হেদায়েতউল্লাহ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী ও পরিচালনা পর্ষদের সদস্যরা; ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস এ খান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এমটিবি মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ডগুলোর ব্যবহারকারীরা মাস্টারকার্ডের নেটওয়ার্কের আওতায় দেশে ১২০০-এর অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। এসব কার্ডধারীরা কক্সবাজার ও সিলেটের শীর্ষস্থানীয় হোটেল-রিসোর্টগুলোতে বাই-ওয়ান-গেট-ওয়ান ফ্রি অর্থাৎ একটি পণ্য-সেবা কিনলে আরেকটি বিনা মূল্যে পাবেন। তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জসহ বিশ্বব্যাপী ১০০টি দেশে আরও ৯০০টি বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি।