এমডি নিয়োগ নিয়ে বেকায়দায় সোস্যাল ইসলামী ব্যাংক
মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিল সোস্যাল ইসলামী ব্যাংক। তবে যাকে এমডি হিসেবে ঠিক করা হয়েছিল তিনি যোগ দিতে রাজি হচ্ছেন না। ইতিমধ্যে আগের এমডির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে এমডি নিয়োগ নিয়ে একরকম বিপাকেই পড়েছে ব্যাংকটি।
জানা গেছে, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২ জানুয়ারি অবসরে গেছেন শফিকুর রহমান। এর আগে গত বছরের ডিসেম্বরেই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলামকে নিয়োগের সিদ্ধান্ত নেয়। এরপর বাংলাদেশ ব্যাংকও তাঁর নিয়োগ অনুমোদন করে। শফিকুর রহমানের পর শহিদুল ইসলাম এমডি হিসেবে যোগদান করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আর যোগ দেননি।
সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘শহিদুল ইসলামকে এমডি হিসেবে নিয়োগ দিতে সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছিল। তিনি না আসায় আমাদের নতুন করে এমডি খুঁজতে হবে। ব্যাংকটি পরিচালনায় দক্ষ ও সৎ এমডি নিয়োগ দেওয়া হবে।’
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সূত্রে জানা গেছে, ব্যাংকটির এমডি মোহাম্মদ আলীর মেয়াদ আগামী মে মাসে শেষ হচ্ছে। কিন্তু শহিদুল ইসলামকেই এমডি নিয়োগ দিতে চায় ব্যাংকটির পর্ষদ। এ কারণে তাঁকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। ইউসিবির এমডি হওয়ার সুযোগ পাওয়ায় শহিদুল ইসলামও এ মুহূর্তে সোস্যাল ইসলামী ব্যাংকে যেতে চাইছেন না।
শহিদুল ইসলাম গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ছাড়পত্র না পাওয়ায় সোস্যাল ইসলামী ব্যাংকে যোগদান করতে পারছি না। বিষয়টি তাদের জানানো হয়েছে।’