এমডি হতে পারবেন না অভিযুক্ত ডিএমডিরা
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিতে শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের বিবেচনায় নেওয়া হচ্ছে না। এমডি পদে নিয়োগ দিতে বিভিন্ন ব্যাংকের ১১ উপব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) যে তালিকা করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তার মধ্যে দুজনের বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ রয়েছে।
সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত পদোন্নতিসংক্রান্ত সভায় সিদ্ধান্ত হয়, অভিযুক্ত ডিএমডিদের এমডি পদে নিয়োগের কথা আপাতত ভাবা হবে না। সরকার ইতিবাচকভাবে চিন্তা করবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিষ্পত্তি হওয়ার পর। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।
পদোন্নতি তালিকার প্রথম ব্যক্তি অগ্রণী ব্যাংকের অভিযুক্ত ডিএমডি মিজানুর রহমান খান এবং দ্বিতীয় ব্যক্তি জনতা ব্যাংকের অভিযুক্ত ডিএমডি আবদুছ ছালাম আজাদ। বাকি নয়জনের নাম তাঁদের দুজনের পরে। তবে গতকালের বৈঠকে অভিযুক্ত দুজন বাদে বাকিদের আপাতত এমডি পদের জন্য যোগ্য বলে ভাবা হয়।
৯ ডিএমডি কারা
তালিকায় অগ্রণী ব্যাংকেরই রয়েছেন চারজন ডিএমডি। তাঁরা হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন, মো. রফিকুল আলম, মো. মশিউর আলী এবং মো. আলী হোসেন প্রধানীয়া। এর মধ্যে আলী হোসেন প্রধানীয়ার অবসর গ্রহণের তারিখ ২০২১ সালের ৩০ জুলাই পর্যন্ত। বাকিদের মধ্যে দুজনের চাকরি আছে চার মাস, একজনের আছে ছয় মাস।
সোনালী ব্যাংকের দুই ডিএমডির মধ্যে আমিন উদ্দিন আহমেদের চাকরি আছে আর এক সপ্তাহ এবং তারিকুল ইসলাম চৌধুরীর চাকরি আছে এ বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত।
জনতা ব্যাংকের মোহাম্মদ হেলাল উদ্দিনের চাকরি আছে আর ছয় মাস, অর্থাৎ ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মাহতাব জাবিনের চাকরি আছে ২০১২ সালের ১৪ নভেম্বর পর্যন্ত এবং পল্লী সঞ্চয় ব্যাংকের মো. মুঈন উদ্দিনের চাকরি আছে এ বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, সরকার গতকাল পর্যন্ত ৯ ডিএমডির বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি।
দুই ডিএমডি অভিযুক্ত কেন
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তালিকার শীর্ষে থাকা অগ্রণী ব্যাংকের ডিএমডি মিজানুর রহমান খানের বিরুদ্ধে অভিযোগ অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) থাকার সময় থেকেই। বিতর্কিত মুন গ্রুপকে অবৈধভাবে ১০৮ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি। এরপরও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে জিএম থেকে ডিএমডি পদে পদোন্নতি দেয়।
এ ঘটনায় পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মিজানুর রহমান খান এবং মুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান হাজত খেটে আসেন। সরকার মিজানুর রহমান খানকে পরে বরখাস্তও করে।
আবদুছ ছালাম আজাদ অভিযুক্ত মূলত জনতা ব্যাংকের বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায়। দুদক অভিযান শুরু করলে গ্রেপ্তার এড়াতে তিনি ছুটি নিয়ে বিদেশে চলে গিয়েছিলেন এবং বিসমিল্লাহ গ্রুপের মালিক পক্ষ এখনো বিদেশে পলাতক রয়েছেন বলে জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।