এমডিজি অর্জনে জাতিসংঘ ১৩,৫০০ কোটি টাকা দেবে
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে (এমডিজি) বাংলাদেশকে ১৩ হাজার ৫০০ কোটি টাকা বা এক কোটি ৮০ লাখ ডলার অনুদান দেবে জাতিসংঘ। পাঁচ বছরের জন্য সাতটি অগ্রাধিকার খাতে এ অর্থ দেওয়া হবে। এ জন্য জাতিসংঘের সঙ্গে সরকারের ‘জাতিসংঘ উন্নয়ন সহায়তা কাঠামো (ইউএনডিএএফ) ২০১২-১৬’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিয়েল ওয়াকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষস্থানীয় নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন। ইউএনডিএএফ চুক্তির আওতায় আবাসিক ও অনাবাসিক মিলিয়ে জাতিসংঘের ২২টি সংস্থা বাংলাদেশ সরকারকে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।যে সাতটি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে—গণতান্ত্রিক সুশাসন ও মানবাধিকার; সমতার সঙ্গে দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি; মানব উন্নয়নে সামাজিক সেবা; খাদ্য নিরাপত্তা ও পুষ্টি; জলবায়ু পরিবর্তন, পরিবেশ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সাড়া; দরিদ্রবান্ধব নগর উন্নয়ন; লৈঙ্গিক সমতা ও নারীর অগ্রযাত্রা। চুক্তি স্বাক্ষর শেষে জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অগ্রাধিকার খাতগুলোর সমস্যা সমাধানে নানা উপায়ে সরকার চেষ্টা করে যাচ্ছে। অর্থমন্ত্রী বলেন, ‘এত বছরে বাজেট করতে গিয়ে দেখেছি, সুশাসনের অভাব দেখা দেয় তখনই, যখন খাদ্যনিরাপত্তা এবং পুষ্টি সমস্যা প্রকট হয়। তাই খাদ্যনিরাপত্তা ও পুষ্টি সমস্যা সমাধানে বেশি নজর দেওয়া উচিত।’