এমডিজি অর্জনে বাংলাদেশে ৭,৮২০ কোটি ডলার প্রয়োজন
২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) সব কটি অর্জন করতে বাংলাদেশের প্রয়োজন সাত হাজার ৮২০ কোটি ডলার। এই অর্থ দেশের অভ্যন্তরীণ সম্পদ থেকে জোগান দেওয়া সম্ভব নয়। এ জন্য আন্তর্জাতিক সমপ্র্রদায়ের সহযোগিতা প্রয়োজন। আবার বিদেশি সহায়তা ব্যবহারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও তৎপর হতে হবে।বাংলাদেশে এমডিজির অগ্রগতি নিয়ে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আলোচনায় এই অভিমত ব্যক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, একবিংশ শতাব্দীর প্রথম দশকে বছরে গড় বার্ষিক বিদেশি অনুদান ও ঋণ-সহায়তা প্রাপ্তি ১৫৪ কোটি ডলার, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। সহস্রাব্দ লক্ষ্য অর্জনে বছরে ৩০০ থেকে ৫০০ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন।পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই প্রতিবেদন প্রকাশ করে। আলোচনায় সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিইডির সদস্য শামসুল আলম। আলোচনায় অংশ নেন মন্ত্রী ও দাতাদের প্রতিনিধিরা। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘দাতাদের সহায়তা ছাড়াই এমডিজির লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছি। এমন অবস্থায় ২০১৫ সালে না হলেও ২০১৭ সালে সব কটি লক্ষ্যই অর্জিত হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। এখন প্রতিবছর মাত্র ৫২ লাখ টন খাদ্যশস্য আমদানি করতে হয়।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, দেশের বিস্তীর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এটি এমডিজির একটি বড় সাফল্য। বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ জানান, প্রতিবছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক থেকে দেড় শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে আরও বরাদ্দ প্রয়োজন। ইউএনডিপির আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার বলেন, এমডিজির লক্ষ্য অর্জনে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। প্রাথমিক শিক্ষা, দারিদ্র্যবিমোচন, শিশুমৃত্যু হ্রাস সূচকে বেশি এগিয়েছে। এটা অন্য দেশের জন্য অনুপ্রেরণা। তিনি আরও বলেন, আগামী জুন মাসে ব্রাজিলের রিওতে ‘নেক্সট জেনারেশন এমডিজি’ গৃহীত হবে। সভা শেষে সাংবাদিকদের প্রিজনার বলেন, বাংলাদেশের উন্নয়ন বাজেটে উন্নয়ন সহযোগীরা বেশ অবদান রাখে। তবে উন্নয়ন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া দীর্ঘতর হওয়া এবং বাস্তবায়নে জটিলতার কারণে অর্থ ছাড় বিলম্বিত হয়।অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, সাতটি উপখাতে লক্ষ্য অর্জিত হয়েছে। আর ১০টি উপখাত সঠিক পথেই এগোচ্ছে। বাকিগুলোতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।